থাইল্যান্ড যাচ্ছে ২৪ জনের দল
আস্তে আস্তে ছোট হয়ে আসছে সাফের দল। দল ঘোষণার আনুষ্ঠানিকতাটাই শুধু বাকি। বলতে গেলে সাফের দল প্রায় চূড়ান্তই করে ফেলেছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ।
সাফের ৩৫ সদস্যের প্রাথমিক দল থেকে প্রথমে বাদ পড়েছিলেন তিনজন। আর আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত দেশে ফিরে যান অস্ট্রেলিয়াপ্রবাসী ফুটবলার আনন্দ রহমান। এরপর দ্বিতীয় দফায় বাদ পড়েন আরও চারজন। সর্বশেষ কাল ক্যাম্প থেকে ছিটকে পড়লেন তিনজন— গোলরক্ষক জিয়াউর রহমান, মিডফিল্ডার প্রাণতোষ কুমার ও মেজবাবুল মানিক। সব মিলিয়ে দল দাঁড়াল ২৪ জনে। আগামী ১-১১ সেপ্টেম্বর কাঠমান্ডুতে অনুষ্ঠেয় সাফের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল শিগগিরই ঘোষণা করার কথা বাফুফের। বাদ পড়ার সম্ভাবনা বেশি জার্মানপ্রবাসী ফুটবলার রিয়াসাত খাতনের। তাঁর হাঁটুতে চোট আছে। তবে আপাতত ২৪ জনকে নিয়েই এ মাসের শেষ দিকে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলতে যাবেন ক্রুইফ। তাই চূড়ান্ত দল এখনই ঘোষণা করার পক্ষে নন ডাচ কোচ।
জিয়া ও মেজবাবুল বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়লেও দুর্ভাগ্যের শিকার প্রাণতোষ। ২০ জুলাই বাফুফে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলার সময় হাঁটুতে চোট পান আবাহনীর মিডফিল্ডার। সর্বশেষ দুটি সাফের দলেই ছিলেন প্রাণতোষ। এবার ছিটকে পড়ে খুবই হতাশ দেখাল তাঁকে, ‘দল থেকে এভাবে বাদ পড়ে খারাপ লাগছে। আমার হাঁটু এখনো ফুলে আছে। এমআরআই করার পরই বুঝতে পারব আঘাত কতটা গুরুতর। আজ (গতকাল) ক্রিকেট বোর্ডের ফিজিও দেবাশীষ স্যারের কাছে যাব। উনি যে পরামর্শ দেন, সেটা করার চেষ্টা করব।’ তবে শেষ পর্যন্ত সাফ দলে ফেরার ব্যাপারে আশা ধরে রাখছেন প্রাণতোষ, ‘কোচ আমাকে বলেছেন আগামী ১৫ আগস্টের মধ্যে সুস্থ হয়ে উঠলে দলে ঢুকতেও পারি।’
বাংলাদেশ দল
শহিদুল আলম, মামুন খান, বিপ্লব ভট্টাচার্য, আরিফুল ইসলাম, কেষ্ট কুমার, নাসির উদ্দিন, মোহাম্মদ লিঙ্কন, রায়হান হাসান, রেজাউল করিম, ওয়ালি ফয়সাল, আতিকুর রহমান মিশু, রিয়াসাত খাতন, ইয়ামিন মুন্না, মামুনুল ইসলাম, সোহেল রানা, জাহিদ হোসেন, ওমর ফারুক, মোবারক হোসেন, জামাল ভূঁইয়া, মিঠুন চৌধুরী, শাখাওয়াত রনি, তকলিচ আহমেদ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হাসান এমিলি।