আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের রেওয়াজ এবারই প্রথম চালু করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। তাতে কাল আসতেই চাইছিলেন না থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের কোচ সোমকিয়াত চওচু। শেষ পর্যন্ত এলেন বটে ভদ্রলোক, কিন্তু খুবই বিষণ্ন দেখাচ্ছিল তাঁকে। এশিয়ান হকি ফেডারেশন কাপ অনূর্ধ্ব-২১ হকিতে কাল বাংলাদেশ যে ১০ গোলের লজ্জা দিয়েছে থাইল্যান্ডকে!
বাংলাদেশ দল আগের দিন চীনা তাইপেকে উড়িয়ে দিয়েছিল ৭-০ গোলে। পরশু যেখানে শেষ করেছিল, কাল সেখান থেকেই শুরু। থাইল্যান্ডের রক্ষণ দেয়াল ভেঙে অনায়াসে গোল এসেছে। ম্যাচের তৃতীয় মিনিটে যার শুরু, অধিনায়ক সারোয়ার খোলেন গোলের খাতা। ৫৭ মিনিটে ইতি টানেন মিলন।
সর্বোচ্চ ৩টি করে গোল মিলন ও খোরশেদের। কৌশিক ২টি, রোমান ও মিলনের স্টিকে এসেছে ১টি করে। এ গোল উৎসবের মধ্যেও পেনাল্টি কর্নার ঠিকভাবে কাজে লাগাতে না পারার অতৃপ্তি আছে। গত ম্যাচে ৭ গোলের ৫টিই এসেছিল পেনাল্টি কর্নারে (পিসি)। কাল ১০টি পিসি পেয়েও গোল মাত্র দুটি। ৮টিই ফিল্ড গোল হওয়ায় একটা ব্যাপার অবশ্য বেরিয়ে এল, দলীয় সমন্বয়টা ভালোই।
‘বাংলাদেশ বেশি ভালো খেলেছে নাকি থাইল্যান্ড খুব দুর্বল দল?’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ মামুনুর রশীদের কণ্ঠে ঝরল খেলোয়াড়দেরই প্রশংসা, ‘কোনো প্রতিপক্ষকেই খাটো করে দেখি না। এই ম্যাচে ছেলেরা খুবই ভালো খেলেছে। পরিকল্পনা অনুযায়ীই হয়েছে সব। গত ম্যাচের প্রথমার্ধে ছেলেদের বোঝাপড়ার একটু অভাব ছিল, আজ তা পুষিয়ে নেওয়ার চেষ্টা করেছি।’
থাইল্যান্ডের কোচ আর কী বলবেন, তাঁর দুঃখী চেহারাই বলে দিচ্ছিল সব। নীরবতা ভেঙে বাংলাদেশকে কৃতিত্ব দিয়েছেন, প্রশংসা করেছেন কৌশিকদের।
আগামীকাল ওমানের সঙ্গে বাংলাদেশের তৃতীয় ম্যাচ। এই ম্যাচেই বাংলাদেশ দলের সতি৵কারের সামর্থ্যটা বোঝা যাবে।