থাইল্যান্ডকে গোলে ভাসাল বাংলাদেশ
আন্তর্জাতিক টুর্নামেন্টে আগেও হ্যাটট্রিক করেছেন। নেপাল, ইতালি ও চাইনিজ তাইপের পর কাল থাইল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করলেন মামুনুর রহমান (চয়ন)। তাঁর হ্যাটট্রিকে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে থাইল্যান্ডকে ৮-১ গোলে জিতল বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকির অন্য দুই ম্যাচে জয় পেয়েছে হংকং ও চাইনিজ তাইপে।থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের বড় জয়ই ছিল অনুমিত। গত এশিয়া কাপে ১৩ গোল দিয়েছিল। একের পর এক গোল মিস, দুর্বল ফিনিশিং এবং দুপুরের দাবদাহ না থাকলে এবারও অমন ব্যবধানে জিততে পারত বাংলাদেশ। বাংলাদেশের আট গোলের পাঁচটিই এসেছে পেনাল্টি কর্নার থেকে। হ্যাটট্রিকসহ ৫ গোল করেছেন মামুনুর। শেখ মোহাম্মদ নান্নু, মোশারফ হোসেন (কুটি) ও মাকসুদ আলম (হাবুল) করেছেন ১টি করে গোল। থাইল্যান্ডের একমাত্র গোলটি সুরাসাকের।এত বড় জয়েও খুশি নন বাংলাদেশের কোচ পিটার গেরহার্ড, ‘আমি ছেলেদের খেলায় সন্তুষ্ট নই। গোল আরও বেশি হতে পারত। বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেছে ওরা।’ প্রচণ্ড গরমে ম্যাচ শেষে হাঁসফাঁস করতেই দেখা গেছে খেলোয়াড়দের। তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে নারাজ গেরহার্ড, ‘এটা কোনো অজুহাত হতে পারে না। ওরা তো এমন গরমে প্র্যাকটিস করেছে, এমনকি ম্যাচও খেলেছে।’ অবশ্য ম্যাচসেরা মামুনুরের খেলায় খুশি কোচ, ‘মামুনুর খুব ভালো খেলেছে। ধীরে ধীরে বিশ্বমানের খেলোয়াড়ে পরিণত হচ্ছে ও।’ ম্যাচসেরা হিসেবে মামুনুর পুরস্কার হিসেবে পেয়েছেন আবদুর রশিদ কোম্পানির সৌজন্যে ১০ হাজার টাকা। বলা যায় না টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার একটি টিভিএস হোন্ডাও পেয়ে যেতে পারেন তিনি।গত এশিয়া কাপের চেয়ে কি তাহলে থাইল্যান্ডের এই দলটা অনেক ভালো? মামুনুরের উত্তর, ‘ওই দলের বিপক্ষেও আমি খেলেছি। এবারও তো খেললাম। আমার মনে হয়েছে, ওরা আগের চেয়ে অনেক গোছালো, অনেক পরিণত।’ থাইল্যান্ডের পাকিস্তানি কোচ সামির হোসেন তাঁর ছেলেদের খেলা দেখে খুশি, ‘ওরা তো আমাদের ১৩ গোল দিতে পারেনি!’ আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ চাইনিজ তাইপে।এর আগে দিনের প্রথম ম্যাচে হংকংয়ের কাছে ৪-৩ গোলে হেরেছে শ্রীলঙ্কা। দিনের শেষ ম্যাচে চাইনিজ তাইপে ৪-১ গোলে জিতেছে সিঙ্গাপুরের বিপক্ষে।