থাইল্যান্ডে তৃতীয় সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফর্মে ফেরার জন্য প্রচণ্ড তাড়না ছিল সিদ্দিকুর রহমানের। পিঠের ব্যথায় ভুগেছেন অনেক দিন। মাঠের খেলাতেও এটির প্রভাব ফেলে ভালোই। অবশেষে ছন্দটা ফিরে পেয়েছেন দেশসেরা গলফার। বছরের সেরা পারফরম্যান্স করেছেন এবারের এশিয়ান ট্যুরের কুইনস কাপে। থাইল্যান্ডে কাল শেষ হওয়া টুর্নামেন্টে তৃতীয় হয়েছেন সিদ্দিকুর। চতুর্থ রাউন্ডে খেলেছেন পারের চেয়ে তিন শট কম। দারুণ ধারাবাহিক সিদ্দিকুর কাল ৪টি বার্ডি মেরেছেন। সব মিলিয়ে চার রাউন্ডে ১০ শট কম খেলে থাইল্যান্ডের গলফার জাজ জানেওয়াতানন্দের সঙ্গে যুগ্মভাবে তৃতীয়।
ঢাকায় হওয়া সর্বশেষ এশিয়ান ট্যুর বসুন্ধরা ওপেন গলফেই নিজেকে ফিরে পেতে চেয়েছিলেন সিদ্দিকুর। কিন্তু ৩৮তম হয়ে টুর্নামেন্ট শেষ করেন। বছরটা মোটেও ভালো কাটেনি তাঁর। এ বছর ৭টি টুর্নামেন্টে খেলে কাট মিস করেন চারটিতেই—মে ব্যাংক মালয়েশিয়ান ওপেন, থাইল্যান্ড ক্লাসিকস, সিআইএমবি ইন্দোনেশিয়ান মাস্টার্স এবং আফ্রো-এশিয়ান কাপ মরিশাস ওপেনে। শুধু ভারতের হিরো ইন্ডিয়ান ওপেনে হয়েছিলেন সপ্তম।
তলানিতে ঠেকে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পেয়ে দারুণ উচ্ছ্বসিত সিদ্দিকুর এশিয়ান ট্যুরের ওয়েবসাইটে কাল জানিয়েছেন, ‘কোনোরকম প্রত্যাশা ছাড়াই খেলে যেভাবে সেরা পাঁচের মধ্যে থাকতে পেরেছি তাতে দারুণ খুশি। আমি আজ ততটা ভালোভাবে বল মারতে পারিনি। তারপরও আমি খুশি যে আজ ৪টি বার্ডি মেরেছি।’
পারের চেয়ে ১৪ শট বেশি খেলে সাড়ে তিন লাখ ডলারের প্রাইজমানির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের প্রয়াদ মার্কসেয়াং। তৃতীয় হয়ে সিদ্দিকুর জিতেছেন প্রায় ১৩ লাখ ১২ হাজার টাকা।