থাইল্যান্ডে রানারআপ সিদ্দিকুর
পারলেন না সিদ্দিকুর রহমান। আশা জাগিয়েও জিততে পারলেন না ক্যারিয়ারের দ্বিতীয় এশিয়ান ট্যুর শিরোপা। থাইল্যান্ডের কুইন্স কাপের শেষ রাউন্ডে কাল কিছু ভুলের মাশুল দিয়ে শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েছেন বাংলাদেশি গলফার। শেষ দিনে পারের সমান শট খেলা সিদ্দিকুর চার রাউন্ড মিলিয়ে খেলেছেন ৭০-৬৮-৭১-৭১ মোট ২৮০ শট; পারের চেয়ে যা ৪ শট কম। সিদ্দিকুরের সমান শট খেলে যৌথভাবে রানারআপ হয়েছেন ফিলিপাইনের জাভিচ পাগুনসান। চ্যাম্পিয়ন হয়েছেন থাইল্যান্ডের থাওরন বিরাটচান্ত। শেষ রাউন্ডে অসাধারণ খেলা ৪৫ বছর বয়সী এই থাই খেলেছেন মোট ২৭৭ শট। এটা তাঁর ১৩তম শিরোপা। কাল ১৫তম হোলে মাত্র ২ ফুট দূর থেকে পাট করতে পারেননি সিদ্দিকুর। তাই শিরোপার খুব কাছে এসেও চ্যাম্পিয়ন হতে না পারার হতাশা ঝরেছে তাঁর কণ্ঠে, ‘আমি সত্যিই হতাশ। (শিরোপার) খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। দুর্ভাগ্যজনকভাবে শেষ মুহূর্তে ১৫ নম্বরে এসে কী হলো জানি না। ওখানেই সব শেষ।’ ১৩ হোল পর্যন্ত কিন্তু শীর্ষে ছিলেন রানারআপ হয়ে ২৫ হাজার ৪২৫ ডলার প্রাইজমানি পাওয়া সিদ্দিকুর।