একটা সময় ছিল যখন বাংলাদেশ আর থাইল্যান্ডকে ফুটবলে সমশক্তির দল হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু সময়ের ফেরে সেই দিন এখন আর নেই। ফুটবলে থাইল্যান্ড বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে যোজন-যোজন ব্যবধানে। এশীয় ফুটবলে তারা তৈরি করে নিয়েছে শক্ত অবস্থানও। আর আমরা, মানে বাংলাদেশ এখনো ঘুরপাক খাচ্ছে দক্ষিণ এশীয় মানের ঘূর্ণিপাকে। আজ শনিবার সন্ধ্যায় ব্যাংককে বাংলাদেশ যখন থাইল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে, তখন ১৯৮৯ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসের কথা খুব করে মনে হবে। কারণ, সেবারই সর্বশেষ থাইল্যান্ডকে কোনো আন্তর্জাতিক ম্যাচে হারাতে পেরেছিল বাংলাদেশ। ঢাকায় অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ওই ম্যাচটিতে বাংলাদেশের কাছে থাইল্যান্ডের হার ছিল ৩-১ গোলে। রুম্মান বিন ওয়ালি সাব্বির, ওয়াসিম ইকবাল ও সত্যজিত্ দাস রুপুর দেওয়া গোলে ওই বিজয় ছিল থাইল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানেরও। এরপর পেরিয়ে গেছে ২৩ বছর। বাংলাদেশ আর কখনো কোনো পর্যায়েই থাইল্যান্ডকে হারাতে পারেনি। থাইল্যান্ড জাতীয় দলের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচই বাংলাদেশ খেলেছে আজ থেকে ১৯ বছর আগে ১৯৯৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বে।১৯ বছরের ব্যবধানে বাংলাদেশ যখন থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে, ঘটনাচক্রে তখন বাংলাদেশ দলের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন এমন একজন ব্যক্তি, যাঁর থাইল্যান্ড অভিজ্ঞতা খুব ঋদ্ধ। ১৯৮৯ সালে সর্বশেষ যে ম্যাচটিতে বাংলাদেশ থাইল্যান্ডকে হারিয়েছিল, সে ম্যাচে তাঁর পা থেকে এসেছিল একটি গোল। সত্যজিত্ দাস রুপু তাঁর খেলোয়াড়ি জীবনে থাইল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকটি ম্যাচেও মাঠে নেমেছেন। জাতীয় দলকে অধিনায়কত্বও করেছেন এই সাবেক মিডফিল্ডার। সত্যজিত্ দাস রুপু থাইল্যান্ড সফররত বাংলাদেশ দলের ম্যানেজার।থাইল্যান্ড যাওয়ার আগের রাতে প্রথম আলো ডটকমকে রুপু বলেন, ‘১৯৮৯ সালে থাইল্যান্ডকে হারানোর ওই অভিজ্ঞতা আমি খেলোয়াড়দের সঙ্গে শেয়ার করেছি। ওই ম্যাচটির বিভিন্ন বর্ণনা দিয়ে আমি ওদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি।’ সত্যজিত দাস রুপু খুব খুশি যে দীর্ঘদিন পরে কোনো নির্দিষ্ট প্রতিযোগিতার বাইরে বাংলাদেশ থাইল্যান্ডের মতো কোনো প্রতিপক্ষের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছে। তিনি বলেন, ‘আমরা সব সময়ই সাফ অঞ্চলের দেশগুলোর সঙ্গে বেশি ম্যাচ খেলি। থাইল্যান্ডের ফুটবল মান আমাদের অনেক ওপরে হওয়ায় এই ম্যাচটি থেকে আমরা আমাদের অবস্থান কিংবা মান সম্পর্কে পরিষ্কার ধারণা পাব।’থাইল্যান্ডের বিপক্ষে ব্যাংককে অনুষ্ঠেয় ম্যাচটিতে বাংলাদেশ দল নিজেদের সর্বশক্তি উজাড় করে দিয়েই খেলবে বলে জানিয়েছেন রুপু। তাঁর মতে, এটি একটি প্রীতি ম্যাচ হলেও এই ম্যাচে ভালো করা, না করার ওপর অনেক কিছুই নির্ভর করছে। ফিফা অনুমোদিত ম্যাচ হওয়ায় এই ম্যাচের ফলাফল র্যাঙ্কিংয়ে ভূমিকা রাখবে। ভালো কিছু করতে পারলে এই ম্যাচ থেকে ফুটবলাররা যে আত্মবিশ্বাস অর্জন করবে, সেটাও অমূল্য বলে জানান জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে থাইল্যান্ডের চেয়ে ১৯ ধাপ পেছনে আছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান যেখানে ১৭১, সেখানে থাইল্যান্ডের অবস্থান ১৫২।থাইল্যান্ডের বিপক্ষে এ পর্যন্ত ১৩টি ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশের জয় দুটিতে। তিনটি ম্যাচ ড্র হয়েছে। বাকি আটটিতে জিতেছে থাইল্যান্ড। বাংলাদেশ ১৯৮৫ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথমবার থাইল্যান্ডকে হারিয়েছিল। সেই জয়টি ছিল ১-০ গোলের। ১৯৮৯ সালে শেষবারের মতো থাইল্যান্ডকে হারায় বাংলাদেশ। উল্লেখ্য, থাইল্যান্ডের বিপক্ষে দুটি জয়ই এসেছে ঢাকায়, নিজেদের মাটিতে। ১৯৭৩, ১৯৭৫ ও ১৯৮৮ সালে থাইল্যান্ডের সঙ্গে তিনটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়। ১৯৯৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বের সর্বশেষ দুই মোকাবিলাতেই (একটি টোকিও ও অপরটি দুবাই) থাইল্যান্ড ৪-১ গোলে বাংলাদেশকে পরাজিত করে।