থাকছে আট চ্যাম্পিয়নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঠিন পথ পাড়ি দিয়ে আবারও বিশ্বকাপে উরুগুয়ে। উরুগুইয়ান কিংবদন্তি অ্যালসিডেস ঘিগিয়া আনন্দিত, চারচাকায় চড়ে তিনি ফোরলান-সুয়ারেজদের শুভেচ্ছা জানাতে ছুটলেন মাঠে  এএফপি
কঠিন পথ পাড়ি দিয়ে আবারও বিশ্বকাপে উরুগুয়ে। উরুগুইয়ান কিংবদন্তি অ্যালসিডেস ঘিগিয়া আনন্দিত, চারচাকায় চড়ে তিনি ফোরলান-সুয়ারেজদের শুভেচ্ছা জানাতে ছুটলেন মাঠে এএফপি

বয়স ৮৭ ছুঁই-ছুঁই। পাঁচ ফুট সাড়ে ছয় ইঞ্চির শরীর এখন আর তাঁর সব কথা শোনে না। বেশিক্ষণ হাঁটতে পারেন না, দাঁড়াতে গেলেও ক্রাচে ভর দিতে হয়।

আলসিডেস ঘিগিয়াকে তবু ঘরে ধরে রাখা যায়নি। মাঠের টান, ফুটবলের টান কি চাইলেই উপেক্ষা করা যায়? ১৯৫০ বিশ্বকাপ ফাইনালের নায়ক তাই এই বয়সেও ছুটে গেলেন মন্টেভিডিও স্টেডিয়ামে। নিজের দলের খেলা দেখবেন বলে।
কী দেখলেন?

৬৩ বছর আগে ব্রাজিলের মারাকানার গ্যালারি স্তব্ধ করে দিয়ে যে উরুগুয়েকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতিয়েছিলেন, সেই দলের উত্তরসূরিরা হিমশিম খাচ্ছে জর্ডানের সঙ্গে! নিজের মাঠে এ কোন উরুগুয়ে! দেড় ঘণ্টা চেষ্টা করেও একবার বল পাঠাতে পারল না জর্ডানের জালে। ভাগ্যিস, আম্মানের প্রথম লেগে ৫-০ গোলে জিতেছিল, তাই দ্বিতীয় লেগটা গোলশূন্য থাকলেও আক্ষেপে পুড়তে হলো না স্বাগতিক দর্শকদের। সর্বশেষ দল হিসেবে ২০১৪ বিশ্বকাপে জায়গা নিশ্চিত হওয়ার পর মন্টেভিডিওতে দর্শকদের উচ্ছ্বাসে মিলেছেন উরুগুইয়ান ফুটবলাররাও। এই নিয়ে টানা চতুর্থবার বিশ্বকাপে খেলার জন্য প্লে-অফের পরীক্ষায় বসতে হয়েছে তাদের। এর মধ্যে অবশ্য তিনবারই সফল ওরা, ২০০৬ সালে বাদ পরেছিল অস্ট্রেলিয়ার কাছে হেরে! কিন্তু দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন প্রিয় দলের কাছে ঘিগিয়ার প্রত্যাশা নিশ্চয়ই এর চেয়ে অনেক বেশি।

প্রত্যাশা পূরণ হয়নি কোচ অস্কার তাবারেজেরও। তবে সে জন্য তিনি ছাত্রদের দোষ দিতে রাজি নন, বরং কৃতিত্ব দিলেন প্রতিপক্ষকে, ‘আমরা এবারও ওদের (জর্ডান) বিধ্বস্ত করে দেব ভাবিনি। প্রথম লেগে বিধ্বস্ত হওয়ার পরে ওরা তৈরি হয়েই এসেছিল।’ নিজের মাঠে পারফরম্যান্স মনের মতো না হলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে পেরেই আনন্দিত উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি, ‘আমরা খুব খুশি, কারণ বাছাইপর্বের পথটা অনেক কঠিন ছিল।’

শেষ পর্যন্ত উরুগুয়ে বিশ্বকাপ নিশ্চিত করায় আভিজাত্য বজায় থাকল বিশ্বকাপেরও। এখন পর্যন্ত আট বিশ্ব চ্যাম্পিয়নের সবাইকেই দেখা যাবে ব্রাজিল বিশ্বকাপে। এএফপি।