থাকছে পাকিস্তানের প্রতিনিধি
এবারের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতেও থাকছে পাকিস্তানের প্রতিনিধি। আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে খেলছে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন লাহোর লায়নস। গত ফেব্রুয়ারিতে মিসবাহ-উল-হকের ফয়সালাবাদ উলভসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজের লাহোর লায়নস।
আয়োজকদের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পর পাকিস্তানের ক্রিকেট বোর্ডই (পিসিবি) দেশের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন দলকে টুর্নামেন্টে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ২০০৯ সালে শুরুর পর চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি প্রথম তিনটি টুর্নামেন্টে খেলেনি পাকিস্তানের কোনো দল। ২০১২ সালে শিয়ালকোট স্টালিয়নস খেললেও বাছাইপর্ব পেরোতে পারেনি। গত বছর মিসবাহ–উল–হকের ফয়সালাবাদও বাদ পড়েছিল বাছাইপর্ব থেকে। লাহোর লায়নস ছাড়াও এবারের প্রতিযোগিতায় থাকছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া চ্যাম্পিয়ন দল। এএফপি।