থাকছেন ক্যাপেলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ মিডিয়ায় তাঁর মুণ্ডুপাত করা হয়েছিল। বরখাস্ত করার দাবি তুলেছিলেন অ্যালান শিয়ারারের মতো সাবেকেরা। কিন্তু ফ্যাবিও ক্যাপেলোতেই আস্থা রাখল ইংল্যান্ড। বিশ্বকাপে দল চরম ব্যর্থ হওয়ার পরও ইংল্যান্ডের কোচ হিসেবে থাকছেন ক্যাপেলোই। বিশ্বকাপ থেকে বাদ পড়ার সপ্তাহ চারেক আগে যে চুক্তি সই করেছিলেন ক্যাপেলো, টিকে থাকছে সেটাই। সেই চুক্তি অনুযায়ী, দায়িত্বে থাকবেন তিনি ২০১২ ইউরো পর্যন্ত। ২০০৮ ইউরোতে ইংল্যান্ড কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর স্টিভ ম্যাকলারেনের কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন এই ইতালিয়ান।বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে চিরপ্রতিদ্বন্দ্বী জার্মানির কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নেওয়ার পর থেকেই ক্যাপেলোকে সরিয়ে দেওয়ার দাবি উঠছিল। ক্যাপেলো অবশ্য শুরু থেকেই বলে আসছেন নিজে থেকে পদত্যাগ করবেন না তিনি। এর মধ্যে আবার ইংলিশ ক্লাব টটেনহাম হটস্পারের কোচ হ্যারি রেডন্যাপ প্রকাশ্যেই কোচের পদের প্রতি আগ্রহের কথা জানিয়েছিলেন। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) আবার আগ্রহ ছিল রয় হজসনের প্রতি। তবে হজসন লিভারপুলের দায়িত্ব নেওয়ার পর ক্যাপেলোকে রাখাটা অনেকটা নিশ্চিত হয়ে যায়। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবাই তাকিয়ে ছিল ক্লাব ইংল্যান্ড বোর্ডের দিকে। স্যার ডেভ রিচার্ডস, অ্যালেক্স হর্নে, স্যার ট্রেভর বুকিং ও অ্যাড্রিয়ান বেভিংটন—ক্লাব ইংল্যান্ড বোর্ডের এই চার সদস্যের সবাই গত পরশু সভায় বসে ক্যাপেলোকেই রেখে দেওয়ার পক্ষে মত দেন। পরে এই সিদ্ধান্তে আনুষ্ঠানিক অনুমোদন দেয় এফএ। ক্যাপেলোকেই রেখে দেওয়ার ব্যাখ্যা দিয়েছেন স্যার ডেভ রিচার্ডস, ‘দক্ষিণ আফ্রিকায় দলের পারফরম্যান্স নিয়ে আমরা এখনো হতাশ। তবে আমরা বিশ্বাস করি, ইংল্যান্ডের কোচ হওয়ার জন্য সবচেয়ে যোগ্য লোক এখনো ক্যাপেলো। বিশ্বকাপে গিয়েছিলেন তিনি বিশ্বের অন্যতম সেরা একজন ম্যানেজার হিসেবে। আশা করি, প্রথম কোনো বড় টুর্নামেন্টের অভিজ্ঞতা থেকে ক্যাপেলো সমৃদ্ধ হবেন এবং এটা ভবিষ্যতে দলের কাজে লাগবে।’ক্যাপেলোর অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে ১০ ম্যাচের নয়টিতেই জিতেছিল ইংল্যান্ড। ওই পারফরম্যান্স তো বটেই, ধারণা করা হচ্ছে, ক্যাপেলোকে রেখে দেওয়ার পেছনে কারণ থাকতে পারে আরেকটি। চুক্তি অনুযায়ী ক্যাপেলোকে বরখাস্ত করলে বিশাল অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে। বরখাস্ত না করার পেছনে এটার কোনো ভূমিকা থাকলেও থাকতে পারে বলে ধারণা অনেকের।চাকরি টিকে থাকছে, নিশ্চিত হওয়ার পরই ঘুরে দাঁড়ানোর প্রতিজ্ঞা জানিয়েছেন ক্যাপেলো, ‘ইংল্যান্ড দলকে সাফল্য এনে দেওয়ার জন্য এখন আমি আরও প্রতিজ্ঞাবদ্ধ। ইংল্যান্ডের ম্যানেজার হিসেবে আমি গর্বিত। সমর্থকদের আমি নিশ্চিত করতে পারি, আমার ভাবনায় এখন পুরোপুরি শুধু ইউরো ২০১২-এর বাছাইপর্ব।’ পোল্যান্ড ও ইউক্রেনে অনুষ্ঠেয় ২০১২ ইউরোর বাছাইপর্ব শুরু হবে সেপ্টেম্বরে। ক্যাপেলোর দল অবশ্য মাঠে নামবে এর আগেই, ১১ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে।বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর থেকেই দলে তরুণদের সুযোগ দেওয়ার পরামর্শ দিয়ে আসছেন ইংল্যান্ডের সাবেকেরা। ক্যাপেলোই ইঙ্গিত দিয়েছেন এমন কিছুর, ‘আমরা দলে অনেক নতুন খেলোয়াড় নেওয়ার চেষ্টা করব, যাতে দলটি নতুন উদ্যমে জেগে ওঠে। আমার সব অভিজ্ঞতা ঢেলে আমি ইংল্যান্ডকে সামনে এগিয়ে নিতে চেষ্টা করব।’ ওয়েবসাইট।