থাকছেন সাবেলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেতা হয়নি বিশ্বকাপ, মেসিকে সান্ত্বনা দিচ্ছেন সাবেলা। শিষ্যরা চান আরও কিছু দিন থেকে যান সাবেলা। ছবি: রয়টার্স
জেতা হয়নি বিশ্বকাপ, মেসিকে সান্ত্বনা দিচ্ছেন সাবেলা। শিষ্যরা চান আরও কিছু দিন থেকে যান সাবেলা। ছবি: রয়টার্স

আলেসান্দ্রো সাবেলা খেলোয়াড়ি জীবনেই পেয়েছিলেন ‘এল মাগো’ বা ‘জাদুকর’ তকমাটি। তিনি কত বড় জাদুকর, সেটি দেখিয়েছিলেন এবার বিশ্বকাপে। মস্তিষ্কের সর্বোচ্চ ব্যবহারে একটি ম্যাচও ড্র কিংবা না হেরে আর্জেন্টিনাকে ২৪ বছর পর তুলেছিলেন ফাইনালে।
জার্মানির বিপক্ষে ফাইনালে ১১৩ মিনিট পর্যন্ত সমানে লড়াই চালিয়ে, পরিষ্কার কয়েকটি সুযোগ পেয়েও ফরোয়ার্ডদের ব্যর্থতায় আর্জেন্টিনার বিশ্বকাপ জেতা হয়নি। তবে সাবেলার ক্ষুরধার কৌশলে মুগ্ধ সবাই। চুক্তি অনুযায়ী বিশ্বকাপের পরই দলের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা। কিন্তু দলের খেলোয়াড়, সমর্থকদের চাওয়া আরও কিছুদিন থেকে যান তিনি। কথা হলো, কী করবেন সাবেলা?
বুধবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) প্রধান হুলিও গ্রন্দোনার সঙ্গে বসার কথা সাবেলার। এর পরই চূড়ান্ত সিদ্ধান্ত। আর্জেন্টিনা কোচ গত শুক্রবার সাংবাদিকদের বললেন, ‘কিছু প্রীতি ম্যাচ রয়েছে সামনে। সপ্তাহের মাঝামাঝি সময়ে (বুধবার) হুলিওর সঙ্গে আলোচনা করব। এমন এক পরিস্থিতি দাঁড়িয়েছে, বেশি অপেক্ষা করার সময় নেই। সপ্তাহ শেষে বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। হুলিওর সঙ্গে আলোচনায় বসব। আমাকে ভাবতে হবে, কাজ চালিয়ে যেতে সক্ষম কি না।’
সেপ্টেম্বরে জার্মানির সঙ্গে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। অক্টোবরে ব্রাজিল ও হংকংয়ের বিপক্ষে দুটি ম্যাচ। আর্জেন্টিনার বিশ্বকাপ দলের সদস্যরা নাকি সাবেলাকে অনুরোধ করেছেন থেকে যেতে এবং আগামী বছরে চিলিতে অনুষ্ঠেয় কোপা আমেরিকার প্রস্তুতি শুরু করে দিতে। ৫৯ বছর বয়সী সাবেলা বললেন, ‘এটি আমাকে ভীষণ গর্বিত করেছে। তবে আমার সিদ্ধান্তের ওপর সব নির্ভর করছে না। আমি শতভাগ দিতে সক্ষম কি না, সেটিই মুখ্য। যদি খেলোয়াড়দের কিছু দিতে না পারি, তাহলে দায়িত্ব চালিয়ে যাওয়া ঠিক হবে না।’ যদি জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দেন তবে আপাতত আর কোথাও যোগ দেওয়ার ইচ্ছে নেই সাবেলার, ‘যদি জাতীয় দলের দায়িত্ব থেকে অব্যাহতি নিই, তবে অন্য কোথাও যাব না। সময়টা বরাদ্দ থাকবে কেবল বিশ্রামের জন্য।’
জার্মানির বিপক্ষে ফাইনালে হারের ব্যাখ্যাও দিলেন সাবেলা, ‘আমাদের প্রতিপক্ষ কারা ছিল, সেটি বুঝতে হবে। আর্জেন্টিনা টুর্নামেন্টে সেরা ম্যাচটিই খেলেছিল ফাইনালে। অনেকগুলো পরিষ্কার সুযোগ ছিল আমাদের। ৯০ মিনিটেই আমাদের জিতে যাওয়া উচিত ছিল। খেলা অতিরিক্ত সময়ে চলে যাওয়ায় শারীরিকভাবেই আমাদের জন্য কঠিন হয়ে গিয়েছিল। জার্মানির সঙ্গে প্রতিটি মিনিট টেক্কা দেওয়া তখন কঠিন ছিল। গ্রেট বক্সারদের মতো তাদের প্রতিটি আক্রমণ ছিল অসাধারণ।’ রয়টার্স