থাকতে চান সাকলায়েন
বিসিবির স্পিন পরামর্শক হিসেবে সাকলায়েন মুশতাকের চুক্তি শেষ হয়ে যাচ্ছে আগামী পরশু। পরদিনই ইংল্যান্ডে চলে যাবেন সাবেক এই পাকিস্তানি অফ স্পিনার। তবে বিসিবি আগ্রহী হলে আবারও বাংলাদেশে আসার ইচ্ছা আছে তাঁর।‘আমি দীর্ঘদিন ধরেই পরিবার নিয়ে ইংল্যান্ডে বসবাস করছি। ১৩ ডিসেম্বর তাই সেখানেই চলে যাব। তবে বিসিবি যদি আগ্রহ দেখায় আমি আবার আসতেও পারি। বাংলাদেশ মুসলিম দেশ, এখানকার মানুষ ক্রিকেটপ্রেমী। কাজেই আসতে তো সমস্যা নেই’—কাল সোনারগাঁও হোটেলের লবিতে দাঁড়িয়ে বলছিলেন সাকলায়েন। তবে সাকলায়েনের ফিরে আসাটা নির্ভর করবে বিসিবি তাঁকে কীভাবে চায়, সেটার ওপরও, ‘বিসিবি আমাকে স্বল্প সময়ের জন্য নাকি লম্বা সময়ের জন্য চায় সেটা দেখতে হবে। যে কয় দিনের জন্যই আসি, এখানে আমার ভূমিকা কী হবে, সেটাও গুরুত্বপূর্ণ। আমি দেখেছি, বাংলাদেশে প্রতিভার অভাব নেই। তাদের নিয়ে কাজ করতে পারলে ভালোই লাগবে।’ সাকলায়েনকে রেখে দিতেও আগ্রহী বিসিবি। বোর্ডের ক্রিকেট পরিচালনা প্রধান এনায়েত হোসেন ইঙ্গিত দিলেন, ‘সাকলায়েনের কাছ থেকে আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি। সোহাগ গাজী, মাহমুদউল্লাহ সব স্পিনারেরই তাঁর কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। ওকে রেখে দেওয়ার পরামর্শই আমি বোর্ডকে দেব।’ তবে লম্বা সময়ের জন্য নয়, সাকলায়েনকে আবারও স্বল্পকালীন চুক্তিতেই দায়িত্ব দিতে আগ্রহী এনায়েত হোসেন। বোলিং কোচ শেন জার্গেনসেন ভারপ্রাপ্ত কোচ। তবে বিসিবি এর মধ্যেই নতুন কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছে। জার্গেনসেনকেও আবেদন করতে বলা হয়েছে। জার্গেনসেন আবেদন করবেন বলে জানিয়েছেন। জেমি সিডন্স চলে যাওয়ার পর বাংলাদেশ দলের প্রধান কোচের পদে আসলে কাউকেই দীর্ঘ মেয়াদে পাওয়া যাচ্ছে না। স্টুয়ার্ট ল এক বছর থেকেই বিদায় নিয়েছেন পারিবারিক কারণে। চুক্তিতে বনিবনা না হওয়ায় চার মাস কাজ করে চলে গেছেন রিচার্ড পাইবাস। বিসিবি একজন ব্যাটিং কোচও খুঁজছে বলে জানালেন এনায়েত, ‘প্রধান কোচরা দায়িত্ব নেওয়ার পর আর তেমন কিছুই করতে চান না। অনেকে বেশি সময়ও দিতে চান না। সে জন্য প্রধান কোচের পাশাপাশি আমরা এবার একজন ব্যাটিং কোচও নেব। শ্রীলঙ্কা সফরের আগেই সে রকম কাউকে দেখা যাবে দলের সঙ্গে।’