থামতে চান না রাউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রালফ র্যাঙনিকের কোচিং দক্ষতার গুণ আছে অবশ্যই। আছে ফুটবলারদের উজ্জীবিত নৈপুণ্য আর ঐক্যবদ্ধ দলীয় প্রচেষ্টাও। তবে শালকে জিরো ফোর যে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উঠল, এতে রাউল গঞ্জালেসের জাদুর ছোঁয়া না থেকে পারেই না। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড অনেক দিন ধরেই তাঁর অধিকারে, এই প্রতিযোগিতা তাঁর চেয়ে ভালো আর কে চেনে! রাউলের প্রথম মৌসুমেই তাই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শেষ চারে শালকে।চ্যাম্পিয়নস লিগের চমক দিয়ে অবশ্য খুব একটা সুবিধা হচ্ছে না বুন্দেসলিগায়। পয়েন্ট তালিকায় শালকে এখন দশ নম্বরে। জার্মান ক্লাবটির আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনা তাই ক্ষীণ। রাউলের সঙ্গে শালকের চুক্তির বাকি আছে আরও এক বছর। পুরো ক্যারিয়ার চ্যাম্পিয়নস লিগে খেলেছেন, আগামী মৌসুমে কি তবে চ্যাম্পিয়নস লিগে না খেলা কোনো ক্লাবে খেলবেন? ৩৩ বছর বয়সী স্ট্রাইকার জানাচ্ছেন, কোনো সমস্যা নেই, তিনি চালিয়ে যাবেন, ‘পরের মৌসুমে আমরা হয়তো চ্যাম্পিয়নস লিগে থাকব না কিন্তু আমি ক্লাবও ছাড়ব না। শালকেতে যোগ দেওয়ার আগে আরও অনেক ক্লাবের প্রস্তাব ছিল আমার কাছে। কিন্তু আমি চাইছিলাম নিয়মিত ও আরও কিছুদিন খেলে যাওয়ার সুযোগ। শারীরিক ও মানসিকভাবে যদি ভালো বোধ করি, আশা করি আরও এক বছর খেলে যেতে পারব। এর পরও ভালো লাগলে খেলে যাব আরও কিছুদিন।’কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে বিদায় করে দেওয়ায় বড় ভূমিকা ছিল রাউলের। দুই লেগেই গোল পেয়েছেন, সব মিলিয়ে এখনো পর্যন্ত এবারের চ্যাম্পিয়নস লিগে করেছেন ৫ গোল। শালকেতে যাওয়ার আগে যে প্রস্তাবগুলো ছিল তাঁর কাছে, এর মধ্যে একটি ছিল সেমিফাইনালে শালকের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংল্যান্ডের আরও দুই-তিনটি ক্লাবের প্রস্তাব ছিল। রাউল জানালেন, প্রস্তাবগুলো নিয়ে গভীরভাবে ভেবেছেনও তিনি। কিন্তু শেষ পর্যন্ত নিয়মিত খেলতে পারার সুযোগটাই সাবেক স্প্যানিশ অধিনায়কের কাছে প্রাধান্য পেয়েছে।ইন্টারের মতো যদি ম্যানইউকেও চমকে দিতে পারে শালকে, আর আরেক সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ হারিয়ে দেয় বার্সেলোনাকে, তাহলে ফাইনালে রাউল মুখোমুখি হবেন তাঁর পুরোনো ক্লাবের। প্রায় পুরো ক্যারিয়ার যে ক্লাবে কাটিয়ে তিনি হয়ে উঠেছিলেন ক্লাবটির প্রতিশব্দ। রিয়াল মাদ্রিদকে অনেকে বলতেন ‘রাউল মাদ্রিদ’। কেমন লাগবে সেই ক্লাবের বিপক্ষে মাঠে নামতে? রাউল যেন বুঝে উঠতে পারছেন না, ‘আমি আসলে জানি না, এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না। যদি সত্যিই এটা হয়, তা হবে স্পেশালের চেয়েও বেশি কিছু। আমি আশা করি ফাইনালে মাদ্রিদের বিপক্ষেই খেলব...সত্যি বলতে আমি জানি না কী চাই। যদি কেউ নিশ্চয়তা দেয় আমরাই জিতব ফাইনাল, তাহলে প্রতিপক্ষ বার্সেলোনা হলেই খুশি হব। না হলে মাদ্রিদ। আমরা না হলে যেন মাদ্রিদ শিরোপা যেতে। দেখা যাক ভাগ্য কার জন্য কী রেখেছে!’ ওয়েবসাইট।