থামবেন না থর্প
লন্ডন অলিম্পিককে পাখির চোখ করেই চার বছরের অবসর ভেঙে ফিরেছিলেন সাঁতারপুলে। কিন্তু মিথ্যা হয়ে গেল ইয়ান থর্পের স্বপ্ন। অস্ট্রেলিয়ার জাতীয় ট্রায়ালে ২০০ মিটার ফ্রি স্টাইলে ব্যর্থ হয়েছিলেন আগেই। গতকাল ছিল শেষ সুযোগ, ১০০ মিটার ফ্রি স্টাইলে। এতেও ব্যর্থ হওয়ায় লন্ডন যাওয়া হচ্ছে না পাঁচটি অলিম্পিক সোনাজয়ী থর্পের।নিজের হিটে জিতেছেন বটে। কিন্তু সময় নিয়েছেন ৫০.৩৫ সেকেন্ড। যে টাইমিংটা বিশ্ব চ্যাম্পিয়ন জেমস ম্যাগনুসেনের চেয়ে ২০ ধাপ পেছনে! লন্ডনের স্বপ্ন মুছে যাওয়ায় থর্পের ফেরাটাই ঢেকে গেল হতাশায়। কিন্তু ২৯ বছর বয়সী সাঁতারু জানিয়ে দিলেন, অলিম্পিক স্বপ্ন পূরণ না হলেও শিগগিরই পুল ছাড়ছেন না, বরং নতুন করে সাজাবেন পরবর্তী অলিম্পিকের স্বপ্ন, ‘আমি এখনো সাঁতরে যাব। আমি আবার শুরু করতে চাই, আবার প্রতিযোগিতায় নামতে চাই। এবং আমি অলিম্পিকে যেতে চাই।’ অলিম্পিকে যেতে চাইলে, চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে সামনের অলিম্পিককে। ওটা হবে ২০১৬ সালে, ব্রাজিলের রিও ডি জেনিরোতে। এএফপি।