থামল জয়রথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন জিতে অস্ট্রেলিয়ান ওপেনে এসেছিলেন রাফায়েল নাদাল। এখানে শিরোপা জিতলে টেনিসের চারটি গ্র্যান্ড স্লাম শিরোপাই একসঙ্গে থাকত তাঁর দখলে। যে কীর্তি আছে মাত্র দুজনের—ডন বাজ আর রড লেভারের। সর্বশেষ যে কীর্তিটা লেভার গড়েছিলেন ১৯৬৯ সালে। নাদালের সামনে ছিল আরেকটি রেকর্ডের হাতছানি। গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে টানা জয়ের রেকর্ড। গত বছর ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে এবারের অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড পর্যন্ত টানা ২৫ ম্যাচ জিতেছেন নাদাল। পঁচিশেই থামল জয়রথ। টানা জয়ের রেকর্ডটা নিয়েও নিশ্চিন্তে থাকলেন লেভার। অস্ট্রেলিয়ান কিংবদন্তি জিতেছিলেন টানা ২৯ ম্যাচ। টানা ২৭ ম্যাচ (দুবার) জিতেছেন রজার ফেদেরার। ২৫টি জয় নাদাল ছাড়াও আছে জিমি কনোর্স আর পিট সাম্প্রাসের।