থামল রোমার অপ্রতিরোধ্য পথ-চলা। লিগের ১১ নম্বর ম্যাচে রোমার জয়রথ থামিয়ে দিল তুরিনো। রোমা কিন্তু হারেনি, ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। চোটের কারণে ফ্রান্সেসকো টট্টি ছিলেন না বলেই কি দলের এই পথ হারিয়ে ফেলা?
ইতালিয়ান সিরি ‘আ’র ইতিহাসে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জয়ের রেকর্ড গড়েই সন্তুষ্ট থাকতে হলো রোমাকে। ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের ইতিহাসে মৌসুমের প্রথম ১১ ম্যাচে জয়ের রেকর্ডটি ছোঁয়া হলো না। ১৯৬০-৬১ মৌসুমে টানা ১১ জয়ের রেকর্ডটি গড়েছিল ইংলিশ ক্লাব টটেনহাম। রেকর্ডটিতে ভাগ বসানোর সম্ভাবনা জাগিয়ে এদিন প্রথমে এগিয়ে গিয়েছিল রোমাই। ডাচ মিডফিল্ডার কেভিন স্ট্রুটম্যান দলকে এগিয়ে দেন ২৮ মিনিটে। ৬৩ মিনিটে সমতাসূচক গোল করেন তুরিনোর অ্যালেসিও চেরচি।
মৌসুমে প্রথম পয়েন্ট হারালেও ম্যাচ শেষে খেলোয়াড়দের প্রশংসাই করেছেন কোচ রুডি গার্সিয়া। এ মৌসুমে দায়িত্ব নিয়েই রোমাকে নিয়ে দুরন্ত গতিতে ছুটিয়ে চলা ফরাসি কোচ সন্তুষ্ট ম্যাচের ফলেও, ‘সমতায় থেকেও আমরা জয়ের জন্য চেষ্টা করে গেছি। কিন্তু এটাই ফুটবল। আপনি সব সময়ই জিততে পারবেন না। আর প্রতিপক্ষের মাঠে এসে ১-১ গোলে ড্র খারাপ ফল নয়।’ ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানটিও এককভাবেই ধরে রেখেছে রোমা। নাপোলি, জুভেন্টাস দুই দলেরই পয়েন্ট সমান ২৮।
অন্য ম্যাচে ইন্টার মিলান ৩-০ গোলে হারিয়েছে উদিনেসেকে। ইন্টারের হয়ে প্রথম ইতালিয়ান হিসেবে মৌসুমে প্রথম গোল করেছেন ডিফেন্ডার আন্দ্রেয়া রানোচ্চিয়া। বাকি দুই গোল দুই আর্জেন্টাইন—রদ্রিগো প্যালাসিও ও রিকার্ডো আলভারেজের।
রোমা ড্র করলেও ফ্রেঞ্চ লিগে মৌসুমে প্রথম হারের স্বাদ পেয়েছে মোনাকো। নোলান রুর জোড়া গোলে মোনাকোকে ২-০ গোলে হারিয়েছে লিল। মোনাকোকে টপকে লিল উঠে গেছে দ্বিতীয় স্থানে। ১২ ম্যাচে ২৬ পয়েন্ট তাদের। ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। তিনে থাকা মোনাকোর ২৫।
রোমা-মোনাকোর হতাশার দিনে লা লিগায় জিতেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওকে ডিয়েগো কস্তা ও ডেভিড ভিয়ার গোলে ২-০-তে হারিয়ে অ্যাটলেটিকো শীর্ষে থাকা বার্সেলোনাকে ঠিকই চাপে রেখেছে। ১২ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। অ্যাটলেটিকোর ৩৩, রিয়ালের ২৮। ব্রাজিলিয়ান বংশোদ্ভূত কস্তার গোল ক্রিস্টিয়ানো রোনালদোর সমান ১৩টি, লিগের সর্বোচ্চ। এএফপি ও ওয়েবসাইট।