থামলেন জানেত্তি

‘যেতে নাহি দেব হায় তবু যেতে দিতে হয়’—সান সিরোর দর্শকদের মনে একই সঙ্গে যেন বিষাদময় সেই অনুভূতি। দিনটা আসবে তারা জানত, তার পরও কি প্রিয়জনকে বিদায় দেওয়ার অনিবার্য শোক মুছে ফেলা যায়? তাই তো কারও চোখে চিকচিক করেছে জল, কেউ কেউ ‘ক্যাপ্টেন, তুমি রবে চিরকাল’ ব্যানার নিয়ে আবেগ সামলাতে ব্যাকুল। হাভিয়ের জানেত্তির বিদায়ে যে একটা যুগেরই শেষ হয়ে গেল ইন্টার মিলানের!
যখন ইন্টারে নাম লিখিয়েছেন, এই দলের কোভাচিচ-ইকারদিরা হাঁটতেও শেখেননি। ১৯টি মৌসুম তো আর কম নয়। এর মধ্যে সাক্ষী হতে হয়েছে কত উত্থান-পতনের, কত হাসি-কান্নার। সান সিরোতে নিজের শেষ ম্যাচে ৪০ বছরের ‘চিরসবুজ’ জানেত্তি তাই স্বাভাবিকভাবেই ভেসে গেলেন আবেগে, ‘আজকের আবহটা অবিশ্বাস্য। চিরকাল এটা আমার স্মৃতিতে থাকবে। আপনাদের কোনো ধারণাই নেই, এই মুহূর্তটা আমার জন্য কতটা আবেগের। আমার কাছের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই। আপনাদের দুর্দান্ত বললেও তাই কম বলা হবে।’
লাৎসিওর সঙ্গে ম্যাচে ইন্টার সমর্থকেরা অপেক্ষাই করেছিলেন সেই মুহূর্তটির জন্য। ৫২ মিনিটে যখন মাঠে নামলেন তখন সান সিরোর ৭০ হাজার দর্শক দাঁড়িয়ে সম্মান জানাল। আবেগটা সবাইকে এতটাই ছুঁয়ে গেছে যে ম্যাচ শেষের আগেই এক খ্যাপাটে ভক্ত মাঠে ঢুকে জড়িয়ে ধরলেন জানেত্তিকে!
পরে জানিয়েছেন অবসরের সিদ্ধান্তটা নিতে কষ্ট হয়েছে, ‘অবিশ্বাস্য একটা ক্যারিয়ার কাটিয়েছি। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। আমি খুশি শারীরিক ও মানসিকভাবে ফিট থেকেই মাঠ ছাড়তে পারছি।’ তরুণদের জন্য দেখিয়ে গেলেন আলোকবর্তিকা, ‘ভবিষ্যতে ইন্টারের জার্সি যাঁরা পরবেন তাঁদের এটাকে সম্মান করতে হবে। ইন্টারের হয়ে খেলা কত বড় সম্মানের সেটা আপনাকে বুঝতে হবে।’
জানেত্তিকে দারুণ একটা বিদায়ী উপহারও দিয়েছে ইন্টার। লাৎসিওকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিশ্চিত করেছে পরের মৌসুমে ইউরোপা লিগে খেলা। রয়টার্স, ওয়েবসাইট।