থারাঙ্গা আর মালিঙ্গায় জয় শ্রীলঙ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে থেমেছিলেন, নিষেধাজ্ঞা কাটিয়ে এসে যেন সেখান থেকেই শুরু করেছেন উপুল থারাঙ্গা! ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষেধাজ্ঞা পাওয়ার আগে তাঁর ব্যাটে ছিল রানের ফোয়ারা। তিন মাসের নিষেধাজ্ঞায় যেন ব্যাটের ধার কমেনি এতটুকুও। কাল তুলে নিলেন এ বছর নিজের চতুর্থ সেঞ্চুরি। বাঁহাতি ওপেনারের সেঞ্চুরিতে বাঁচা-মরার লড়াইয়ে শ্রীলঙ্কা তুলেছে ২৮৬ রান। ব্যাটসম্যানরা জ্বলে ওঠার পর বোলিংয়েও ম্যাচের লাগাম হাতে রেখেছে লঙ্কানরা। ৭৮ রানের বড় জয় দিয়ে দারুণভাবে ফিরে এসেছে সিরিজে। আগের দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতার পর ব্যাটসম্যানদের জাগরণের ডাক দিয়েছিলেন কুমার সাঙ্গাকারা। সেই ডাকেই জেগে উঠল টপ অর্ডার। ১৩৯ রানের উদ্বোধনী জুটি থারাঙ্গা-দিলশানের। দ্বিতীয় উইকেটে ৮১ রানের জুটি থারাঙ্গা-সাঙ্গাকারার। ওয়াটসনের বলে ১ রান নিয়ে ১২৭ বলে ক্যারিয়ারের দ্বাদশ সেঞ্চুরি ছুঁয়েছেন থারাঙ্গা। এই সেঞ্চুরিতে ২৬ বছর বয়সী ব্যাটসম্যান পেছনে ফেলেছেন অরবিন্দ ডি সিলভা, মারভান আতাপাত্তু ও কুমার সাঙ্গাকারাকে। থারাঙ্গার চেয়ে বেশি সেঞ্চুরি আছে শ্রীলঙ্কার আর কেবল মাহেলা জয়াবর্ধনে (১৪) ও সনাৎ জয়াসুরিয়ার (২৮)। শেষ দিকে অবশ্য দারুণভাবে খেলায় ফিরে আসে অস্ট্রেলিয়া। হাতে অনেক উইকেট থাকলেও শেষ ১০ ওভারে শ্রীলঙ্কা তোলে মাত্র ৫৯।জয়ের পথে সবচেয়ে বড় বাধা ওয়াটসনকে শুরুতেই ফেরত পাঠান মালিঙ্গা। ফর্মে থাকা মাইকেল ক্লার্ক, মাইক হাসির পর শেষ দিকে ডোহার্টি আর বলিঞ্জারকেও তুলে পূর্ণ করেছেন ৫ উইকেট। হাসি-ক্লার্ক ছাড়া সেভাবে দাঁড়াতেই পারেনি কেউ। মালিঙ্গার আগুনে পুড়ে ২০৮ রানেই অলআউট অস্ট্রেলিয়া। এই দুজনের ৭১ রানের জুটিটাও আশা হয়ে ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু শেষ পর্যন্ত পাঁচ ম্যাচের সিরিজটা ২-১ করে ফেলল শ্রীলঙ্কা। সংক্ষিপ্ত স্কোরশ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৬/৯ (থারাঙ্গা ১১১, দিলশান ৫৫, সাঙ্গাকারা ৪৯, জয়াবর্ধনে ৩৬; বলিঞ্জার ৪/৪২, জনসন ২/৪৫, ওয়াটসন ২/৫৮, লি ১/৪৭)। অস্ট্রেলিয়া: ৪৪.২ ওভারে ২০৮/১০ (হাসি ৬৩, ক্লার্ক ৪৬, পন্টিং ২২; মালিঙ্গা ৫/২৮, ইরাঙ্গা ২/৩৮)। ফল: শ্রীলঙ্কা ৭৮ রানে জয়ী। ম্যাচ সেরা: উপুল থারাঙ্গা।