চার মারার পর কোনো ব্যাটসম্যানকে অনুশোচনায় পুড়তে দেখেছেন? গত ম্যাচে পুড়েছিলেন তিলকরত্নে দিলশান। তাঁর ওই চারটি যে সংশয়ে ফেলে দিয়েছিল উপুল থারাঙ্গার সেঞ্চুরি। শেষ পর্যন্ত থারাঙ্গা সেঞ্চুরি পেয়েছেন। সর্বশেষ তিন ম্যাচে দুবার দুই লঙ্কান ওপেনারই পেলেন সেঞ্চুরি। একটা রেকর্ডও করে ফেললেন। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তোলা জুটি এখন তাঁরাই। সাত ম্যাচে থারাঙ্গা-দিলশান জুটির রান ৭৪৩। গত বিশ্বকাপে হেইডেন-গিলক্রিস্ট জুটি তুলেছিল ৬৯৯ রান। এই দুই অস্ট্রেলীয়র আগে রেকর্ডটা শ্রীলঙ্কানদেরই ছিল। ১৯৯৬ বিশ্বকাপে শিরোপা জেতার পথে অরবিন্দ ডি সিলভা আর অশঙ্কা গুরুসিনহা জুটি তুলেছিল ৫৬৬ রান। বিশ্বকাপে পাঁচ শর বেশি রান তোলা জুটি আর আছে চারটি। দ্রাবিড়-সৌরভের ৫৪৬ (১৯৯৯ বিশ্বকাপ), শেবাগ-টেন্ডুলকারের ৫৪৩ (২০০৩), গিলক্রিস্ট-হেইডেনের ৫২১ (২০০৩) এবং সৌরভ-টেন্ডুলকারের ৫০২ (২০০৩ বিশ্বকাপ)। ওয়েবসাইট।