থারাঙ্গার ডোপ-বিতর্ক সত্যি
গুঞ্জন নয়, সত্যি সত্যিই ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হয়েছিলেন উপুল থারাঙ্গা। শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয় আজ সোমবার এই খবর নিশ্চিত করেছে।ক্রীড়া মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বিশ্বকাপে ডোপ টেস্ট করা হয়েছিল থারাঙ্গার। প্রথম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে পজিটিভ হওয়ার খবর তাঁকে জানিয়েও দেওয়া হয়েছিল। এ ঘটনায় জাতীয় তদন্ত চলবে।ক্রিকইনফো জানিয়েছে, তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দ আলুথগামাগে। তদন্তের প্রথম পদক্ষেপ হিসেবে প্রথমে থারাঙ্গার বক্তব্য আহ্বান করা হবে।থারাঙ্গার ডোপ টেস্টে পজিটিভ হওয়ার খবর গতকাল রোববার প্রকাশ করে যুক্তরাজ্যের ‘সানডে টাইমস’। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, থারাঙ্গার মূত্র নমুনায় নিষিদ্ধ ‘প্রেডনিসোলন’ পেয়েছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। পজিটিভ হওয়ার পর লিখিত বিবৃতিতে থারাঙ্গা জানিয়েছেন, অ্যাজমা সমস্যার কারণে তাঁকে এই ওষুধ খেতে পরামর্শ দিয়েছিলেন খ্যাতিমান একজন চিকিত্সক। শচীন টেন্ডুলকার, গৌতম গম্ভীরসহ আরও অনেক ক্রিকেটার কলম্বোতে গিয়ে এই চিকিত্সকের কাছে চিকিত্সা নিয়েছেন।থারাঙ্গা চিকিত্সকের ওপর দায় চাপাতে চাইলেও আইসিসির ডোপিং-বিরোধী নীতিমালায় স্পষ্ট বলা হয়েছে, শরীরে নিষিদ্ধ কোনো বস্তু প্রবেশ করছে কি না, এটি সংশ্লিষ্ট ক্রিকেটারকেই নিশ্চিত করতে হবে। কারও শরীরে নিষিদ্ধ কিছুর উপস্থিতি প্রমাণিত হলে এর দায় তাঁকেই নিতেই হবে। ওয়েবসাইট।