থিটিফুনের বাংলাদেশ জয়

‘আমি আগামী বছর আবার আসব।’
বসন্তের আগমনী দিনে থিটিফুন চুয়াইপ্রাকং তো ঘোষণাই দিলেন। যে দেশের মাটি তাঁকে উপহার দিয়েছে এশিয়ান ট্যুরের প্রথম শিরোপা, সেই বাংলাদেশে শিরোপা ধরে রাখতে না এসে কি পারবেন?
কিছুক্ষণ আগেই হাতে তুলেছেন দ্বিতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেনের বাঘের প্রতিকৃতি-সংবলিত ট্রফিটা। পুরো টুর্নামেন্টেই অবশ্য বাঘের মতো সদর্পে এগিয়েছেন চুয়াইপ্রাকং। চাপটাপ কোনো কিছুই ছুঁতে পারেনি তাঁকে। শেষ রাউন্ডে পারের চেয়ে ৪ শট কম খেলে ২ শটের ব্যবধানে জিতে নিলেন বাংলাদেশ ওপেন।
চ্যাম্পিয়ন হতে একেবারে শেষ হোল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ১৭তম হোলে বার্ডি করে চুয়াইপ্রাকংয়ের সঙ্গে ব্যবধানটা ১-এ নামিয়ে এনেছিলেন দ্বিতীয় স্থানে থাকা থাইল্যান্ডের আরেক গলফার সুটিজেট কুরাতানাপিসান। কিন্তু শেষ হোলে বগি করলেন কুরাতানাপিসান। অন্যদিকে চুয়াইপ্রাকং পারের সমান খেলেই নিশ্চিত করলেন শিরোপা। সব মিলিয়ে ২৩ বছর বয়সী চুয়াইপ্রাকং পারের চেয়ে ২১ শট কম খেলেছেন। কুরাতানাপিসান খেলেছেন ১৯ শট কম।
৬৫-৬৬-৬৫-৬৭। চার রাউন্ডের স্কোরই বলে দেয় কতটা ধারাবাহিক ছিলেন চুয়াইপ্রাকং। তবে ভাগ্যকেও ধন্যবাদ দিয়েছেন এই থাই গলফার, ‘এই জয়ের জন্য কত দিন অপেক্ষা করেছি। সুটিজেটের সঙ্গে কত অনুশীলন করেছি। আমি জানতাম সে (সুটিজেট) আজ ভালো খেলবে, সে করেছেও তাই। আমি কিছুটা ভাগ্যবানও।’
বাংলাদেশের গলফারদের মধ্যে গতবারের মতো এবারও সবার ওপরে শাখাওয়াত সোহেল। গত বছর ১৯তম স্থান পেয়েছিলেন, এবার পারের চেয়ে ১১ শট কম খেলে ষষ্ঠ হয়েছেন। তাঁর চেয়ে ১ শট বেশি খেলে সপ্তম জামাল হোসেন। তৃতীয় দিনে ১১ নম্বরে থাকা মতিন হয়েছেন ১৪তম। পারের চেয়ে ৮ শট কম খেলেছেন আন্তর্জাতিক গলফে প্রায় অপরিচিত এই মুখ।
তবে টুর্নামেন্টে যাঁকে ঘিরে সবচেয়ে বেশি আশা ছিল, সেই সিদ্দিকুর হতাশা উপহার দিয়ে হয়েছেন ৩৫তম। কাল পারের চেয়ে ১ শট কম খেলেছেন দুবারের এশিয়ান ট্যুর চ্যাম্পিয়ন।