থিয়াগোকে নিয়েই ছাড়লেন গার্দিওলা
আগেই বলেছিলেন গার্দিওলা, ‘হয় থিয়াগো, নয় কেউ না।’ বায়ার্ন মিউনিখের নতুন কোচের চাওয়া পূর্ণ হয়েছে, দুই কোটি ৫০ লাখ ইউরো দিয়ে থিয়াগো আলকানতারাকে বার্সেলোনা থেকে নিয়ে এসেছে বায়ার্ন। দিন কয়েকের মধ্যেই স্বাস্থ্য পরীক্ষা শেষে চার বছরের চুক্তিতে সই করবেন এই মিডফিল্ডার। বায়ার্ন অবশ্য দেবে দুই কোটি ইউরো, বাকিটা আসবে দুই পক্ষের মধ্যে অনুষ্ঠেয় একটি প্রীতি ম্যাচ থেকে।
মাঝমাঠে মার্টিনেজ, শোয়েনস্টেইগার, ক্রুস, গুস্তাভোদের মতো খেলোয়াড় থাকতে নতুন একজন কেন? তা-ও এমন একজন, যাঁকে ছাড়া গার্দিওলার চলবেই না? তবে বার্সার জার্সিতে উজ্জ্বলই ছিলেন, আলো ছড়িয়েছেন স্পেনের জার্সি গায়েও। ফাইনালে হ্যাটট্রিক করেছেন, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন—গত মাসে স্পেনের অনূর্ধ্ব-২১ ইউরোপীয় শিরোপা জয়ের মূল কুশীলব তো তিনিই। গার্দিওলা যে তাঁকে পেতে এতটা উতলা হবেন, তাতে আর বিচিত্র কী! বায়ার্নের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগের এই বক্তব্যেও সেটা বোঝা যায়, ‘থিয়াগো আলকানতারা আমাদের নতুন কোচ পেপ গার্দিওলার প্রধান লক্ষ্য ছিল। সদ্যই অনূর্ধ্ব-২১ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে এসেছে সে। দারুণ প্রতিশ্রুতিশীল অসাধারণ একজন খেলোয়াড় সে। তাকে পেয়ে বায়ার্ন আরও শক্তিশালী হবে।’
বার্সায় অবশ্য জাভির সম্ভাব্য উত্তরসূরি মনে করা হচ্ছিল তাঁকে। কিন্তু নিয়মিত খেলতে না পারার হতাশা থেকেই ক্লাববদলের সিদ্ধান্ত নেন ২২ বছর বয়সী থিয়াগো। কিন্তু প্রশ্ন একটাই, বায়ার্নে এত মিডফিল্ডারের ভিড়ে কতটুকু মেলে ধরতে পারবেন নিজেকে? এএফপি।