আগের দিন সাবরিনা, তৃপ্তিরা চমক দিতে পারেননি ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে। ব্যক্তিগত ইভেন্টে ষষ্ঠ হয়েছেন সাবরিনা। তবে ছেলেদের ৫০ মিটার রাইফেলের থ্রি পজিশনের দলগত ইভেন্টে অপেক্ষাকৃত ভালো ফল করেছেন কাল আবদুল্লাহ হেল বাকি ও শাহরিয়ার তৌফিক। তাঁরা দুজন ২২৫৭ স্কোর করে দিল্লিতে অনুষ্ঠানরত কমনওয়েলথ শ্যুটিংয়ে চতুর্থ স্থান পাইয়ে দিয়েছেন বাংলাদেশকে। প্রোনে ৩৮৯, স্ট্যান্ডিংয়ে ৩৬৭ ও নিলিংয়ে ৩৬৬—সব মিলিয়ে বাকি মোট স্কোর করেছেন ১১২২। তৌফিক প্রোনে ৩৮৭, স্ট্যান্ডিংয়ে ৩৬৬ ও নিলিংয়ে ৩৮২ স্কোর করেছেন। সব মিলিয়ে ১১৩৫ স্কোর তৌফিকের। ২৩২৩ স্কোর করে সোনা জিতেছেন ভারতের শ্যুটার সঞ্জীব রাজপুত (১১৭০) ও গগন নারাং (১১৫৩)। রুপা জিতেছেন ইংল্যান্ডের জেমস হাকল (১১৫৮) ও কেন জুনিয়র পার (১১৩৭)। তাঁদের দুজনের সংগ্রহ ২২৯৫। ব্রোঞ্জ জেতা স্কটল্যান্ডের দুই শ্যুটার গ্রাহাম রুড (১১৩৫) ও নিল স্টিরটন (১১৩১) ২২৬৬ স্কোর করেছেন।