থ্রি পজিশনেও চ্যাম্পিয়ন বাকি
জাতীয় শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশন। রানার্সআপ ঢাকা রাইফেল ক্লাব। কাল শেষ দিনে ছেলেদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতেছেন ঢাকা রাইফেল ক্লাবের আবদুল্লাহ হেল বাকি। এর আগে নিজের মূল ইভেন্ট ১০ মিটার এয়ার রাইফেলেও সোনা জিতেছেন বিকেএসপির সাবেক শ্যুটার। এই ইভেন্টে রুপা জিতেছেন কুষ্টিয়া রাইফেল ক্লাবের তৌফিক শাহরিয়ার চন্দন, ব্রোঞ্জ আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের রমজান আলী। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনের জুনিয়র বিভাগে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছেন নারায়ণগঞ্জের জেসিমুজ্জামান, আর্মির ছগির আহমেদ এবং বিকেএসপির আবু সুফিয়ান।
ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জিতেছেন আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের মহেন্দ্র সিংহ। একই ক্লাবের রায়হানুল ইসলাম রুপা এবং ব্রোঞ্জ জিতেছেন রাজশাহী রাইফেল ক্লাবের মোস্তাহিদুল ইসলাম।
ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের জুনিয়র বিভাগে আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের আনোয়ার হোসেন ও শাকিল আহমেদ সোনা ও রুপা জিতেছেন। বিকেএসপির শাহজালাল সাদমান ব্রোঞ্জ পেয়েছেন। স্কিটের সোনা আর্মি শ্যুটিং অ্যাসোসিয়েশনের সাব্বির হাসানের, রুপা চট্টগ্রাম রাইফেল ক্লাবের নুরুদ্দিন সেলিম, ব্রোঞ্জ ঢাকা রাইফেল ক্লাবের আলতামাস কবিরের।