
সহকারী রেফারির উঁচিয়ে ধরা জার্সি নম্বর ফলক বাজিয়ে দিল চূড়ান্ত বিদায়ঘণ্টা। সেদিকে এক পলক তাকিয়েই নিচে তাকালেন তিনি। পা দুটো যেন পাথর, শরীর অবশ। কিন্তু শেষের ঘোষণা যে এসে গেছে। শরীরটাকে কোনো রকমে টানতে টানতে নিয়ে এলেন বাইরে। সতীর্থরা ছুটে এসে পিঠ চাপড়ে দিচ্ছে, তিনি দুহাতে চেপে ধরে রেখেছিলেন চোখ। যদি জল গড়িয়ে পড়ে! মাঠের বাইরে থাকা সতীর্থ আর কোচিং স্টাফরা সম্মান জানালেন দাঁড়িয়ে। ডাগ আউটে বসার পর আর পারলেন না নিজেকে সামলাতে, ভেঙে গেল আবেগের বাঁধ। ক্যারিয়ারজুড়ে প্রতিপক্ষ রক্ষণের নাকের জল-চোখের জল এক করে ছেড়েছেন। বিদায়বেলায় সেই ডেভিড ভিয়ার চোখে শ্রাবণধারা!
ভিয়ার চোখে পানি দেখে অবাক হয়েছিলেন ভিসেন্তে দেল বস্ক। পরে স্পেন কোচের বিিস্মত স্বীকারোক্তি, িতনি নাকি জানতেনই না দেশের জার্সিতে এটি ভিয়ার শেষ ম্যাচ! ৫৬ মিনিট মাঠে ছিলেন ভিয়া, শেষ ম্যাচেও চিনিয়েছেন নিজের জাত। মান বাঁচানোর ম্যাচে ৩৬ মিনিটে দলকে এনে দিয়েছেন স্বস্তির প্রথম গোল। সেই গোলটিও তাঁর দুর্দান্ত ক্যারিয়ারে প্রতীক হয়ে থাকল। ইনিয়েস্তার দারুণ পাস থেকে বল ধরে হুয়ানফ্রান ডান কোনা দিয়ে বক্সে ঢুকে জোগান দেন বল। বল রিসিভ না করে দুপায়ের ফাঁক দিয়ে বের করেন ভিয়া, শরীরের পেছনে ডান পায়ের অসাধারণ এক ফ্লিকে বল পাঠিয়ে দেন জালে। এই বিশ্বকাপের তো বটেই, ভিয়ার ক্যারিয়ারেরও অন্যতম সেরা গোল। যেন বর্ণাঢ্য এক ক্যারিয়ারকে ফুটবলবিধাতার শ্রদ্ধার্ঘ্য!

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন বিশ্বকাপের আগে। বিদায়বেলায় বাস্তবতা মানতে যেন তবু কষ্ট হচ্ছে ৩২ বছর বয়সী স্ট্রাইকারের, ‘জাতীয় দলে খেলা আমার কাছে সব সময়ই ছিল দারুণ আনন্দের। আজীবন এই স্বপ্ন লালন করেছি, এই স্বপ্নেই বাস করেছি। যদি পারতাম ৫৫ বছর বয়স পর্যন্ত খেলে যেতাম স্পেনের হয়ে। কিন্তু সে তো আর সম্ভব নয়!’
শেষ ম্যাচের গোলে স্পেনের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি বাড়িয়েছেন আরেকটু (৫৯)। স্প্যানিশদের হাহাকারও যেন বাড়িয়েছেন খানিকটা। দেশের সফলতম স্ট্রাইকারকে প্রথম দুই ম্যাচে মাঠেই নামাননি কোচ! অথচ বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচেও জোড়া গোল করেছিলেন ভিয়া। ক্যারিয়ার শেষ করছেন তাই শেষ ২ ম্যাচে ৩ গোল করে! বিশ্বকাপে মোট গোল ৯টি, এটিও স্পেনের রেকর্ড।
ভ্যালেন্সিয়ার হয়ে একটা সময় ছিলেন গোলমেশিন। সমসাময়িক অনেকের ব্যতিক্রম হিসেবে দেশের জার্সিতে ছিলেন আরও উজ্জ্বল। দেশের হয়ে তাঁর ৫৯ গোলের রেকর্ড নিকট ভবিষ্যতে ভাঙার সম্ভাবনা নেই। তবে রেকর্ড গড়লেও রেকর্ডপিয়াসী নন। বরাবরের দল অন্তঃপ্রাণ ভিয়ার ভাবনায় বিদায়বেলাতেও দল, ‘আশা করব আমার রেকর্ড যাতে খুব বেশি সময় না টিকে থাকে। কেউ আমার রেকর্ড ভেঙে ফেলা মানে দলের জন্যও সেটা হবে দারুণ!’ ফিফা, গোলডটকম, এএফপি।