দ. আফ্রিকার জয়
লক্ষ্য ২৬০। কাল আবুধাবিতে তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের ওপেনাররা ৮ ওভারেই তুলে ফেলেছিলেন ৫০ রান। কিন্তু ২ ওভারের মধ্যে ২ রান তুলতেই দুই ওপেনার শেহজাদ ও হাফিজকে হারানোর ধকল আর সামলে উঠতে পারেনি দলটি। ৪৪.৩ ওভারে ১৯১ রানেই অলআউট হয়ে ৬৮ রানের হার। পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান পিছিয়ে পড়ল ২-১-এ। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন ৯ নম্বরে নামা ওয়াহাব রিয়াজ। প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহির ৫৩ রানে নিয়েছেন ৪ উইকেট।
দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে করেছিল ২৫৯ রান। মোহাম্মদ ইরফানের শিকার হয়ে আমলা দ্রুত ফিরে গেলেও তরুণ কুইন্টন ডি কককে নিয়ে ফ্যাফ ডু প্লেসিস দ্বিতীয় উইকেটে গড়েন ৭৭ রানের জুটি। আফ্রিদির শিকার হওয়ার আগে কক ৪০, ডু প্লেসিস করেন ৫৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ডুমিনি। ইরফান ৩টি, আফ্রিদি ও আজমল নিয়েছেন ২টি করে উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।