দ. আফ্রিকার টেস্ট অধিনায়ক আমলা
গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ শেষেই অবসর নিয়েছেন গ্রায়েম স্মিথ। তখন থেকেই প্রশ্নটা ঘুরেছিল বাতাসে, কে হচ্ছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক? হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স, ফাপ ডু প্লেসি—সম্ভাবনার দৌড়ে ছিলেন অনেকেই। শেষ পর্যন্ত জয় হলো হাশিম আমলারই। গতকাল ৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানকেই টেস্ট অধিনায়ক করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।
অধিনায়কের দায়িত্ব পাওয়াটা ‘আনন্দ ও সম্মানের’ উল্লেখ করে আমলা প্রতিশ্রুতি দিয়েছেন, দলকে আবার টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরিয়ে আনবেন। আমলার টেস্ট অভিষেক ২০০৪ সালে। তারও এক বছর আগে থেকে স্মিথ ছিলেন অধিনায়ক। আমলা তাই কৃতজ্ঞতা জানিয়েছেন স্মিথকে। ২০০২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন আমলা। ডলফিনের হয়ে এক বছর অধিনায়কত্ব করেছেন ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটেও। ৩টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন জাতীয় দলেও। অধিনায়ক হিসেবে আমলার প্রথম মিশন জুলাইয়ে শ্রীলঙ্কায়, দুই টেস্টের সিরিজ। শ্রীলঙ্কা সফরের টেস্ট ও ওয়ানডে দলও ঘোষণা করা হয়েছে কাল। ওয়ানডে অধিনায়ক ডি ভিলিয়ার্সই। এএফপি।