দ. আফ্রিকার মাটিতে ভারতের প্রথম সিরিজ ড্র
সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টের পঞ্চম দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৩৪০ রান, আর দক্ষিণ আফ্রিকার ১০ উইকেট। কিন্তু এর কোনোটিই হয়নি—ফলাফল ড্র। এই সিরিজের প্রথম দুই টেস্টের একটি জেতে ভারত, অন্যটি স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।আর এর ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ ড্রয়ের স্বাদ পেল ধোনীর দল।এর আগে আজ বৃহস্পতিবার ৩৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামে সফরকারী দলের দুই ওপেনার গম্ভীর ও শেবাগ। শুরুতেই সাবধানে ব্যাট চালাতে থাকেন এই দুই ব্যাটসম্যান। ১১ ওভারে তোলেন ২৭ রান। এর পরের ওভারের শেষ বলে ব্যক্তিগত ১১ রানে আউট হন শেবাগ। এ রান করতে বল খেলেন ৪০টি। উইকেটটি নেন মরকেল। এরপর আসেন মিস্টার ওয়াল দ্রাবিড়। গম্ভীরের সঙ্গে গড়েন ৭৯ রানের জুটি। দলীয় ১০৬ রানে তাঁদের জুটি ভাঙেন সতসোবে। দাবিড় আউট হন ১১২ বলে ৩১ রান করে। তৃতীয় ইউকেটে আসেন প্রথম ইনিংসে ৫১তম টেস্ট সেঞ্চুরি করা টেন্ডুলকার। গম্ভীর-টেন্ডুলকার জুটি তোলে ১৪ রান। ৬৪ রানে সাজঘরে ফেরেন গম্ভীর। এ রান করতে তিনি বল খেলেন ১৮৪টি। স্টেইন নেন তাঁর উইকেটটি। তখন খেলা হয়েছে ৬৩ ওভার ৩ বল। এরপর লক্ষ্মণ ও টেন্ডুলকার বাকিটা সময় পার করে দেন। টেন্ডুলকার ১৪ রান করতে খেলেন ৯১ বল আর লক্ষ্মণ ৬৭ বলে করেন ৩২। ৮২ ওভারে তিন উইকেটে ভারতের রান যখন ১৬৬, তখনই খেলা ড্র। তবে ভারতীয়রা সাবধানে ব্যাট না চালালে ফলাফল অন্য হতে পারত।ভারত প্রথম ইনিংসে ৩৬৪ এবং দক্ষিণ আফ্রিকা ৩৬২ ও দ্বিতীয় ইনিংসে ৩৪১ রান করে।জ্যাক ক্যালিস ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেন। ওয়েবসাইট।