দ.আফ্রিকার চাই ১৯২ রান, ভারতের ৭ উইকেট
জমে উঠেছে ডারবান টেস্ট। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার চাই ১৯২ রান। আর ভারতের চাই ৭ উইকেট। দক্ষিণ আফ্রিকার সামনে ৩০৩ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল ভারতীয় দল। জবাবে আলোক স্বল্পতার কারণে ২৯ ওভার বাকি থাকতেই তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩ উইকেটে ১১১ রান।আগের দিন ৫৬ ওভারের মধ্যেই পড়েছে ১৮ উইকেট! ভারতের দ্বিতীয় ইনিংসে ভিভিএস লক্ষ্মণের ইনিংসটা বাদ দিলে আজকের সকালটাও ভালো কাটেনি ব্যাটসম্যানদের। বোলিং সহায়ক পিচে দক্ষিণ আফ্রিকার লক্ষ্যটা মোটেও সহজ নয়। কিন্তু ডারবানে নাটকীয়তার হয়তো অনেক বাকি রয়ে গেছে!দক্ষিণ আফ্রিকাকে দুর্দান্ত সূচনা এনে দিয়েছিলেন গ্রায়েম স্মিথ ও পিটারসেন। দলীয় ৬৩ রানে স্মিথের (৩৭) বিদায়ের পরই ঘটে বিপত্তিটা। এখান থেকে ৮২ রানে যেতেই আরও দুটি উইকেট নেই। পিটারসেন ২৬ এবং হাশিম আমলা ১৬ রান করে সাজঘরে ফেরেন। এরপর অবশ্য দেখে-শুনে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন জ্যাক ক্যালিস ও ডি ভিলিয়ার্স। কিন্তু আগের দুই দিনের মতো খেলা বেশি দূর এগিয়ে যেতে দেয়নি প্রকৃতি। আলোক স্বল্পতার কারণে দিনের খেলা বন্ধ হওয়ার সময় ক্যালিস ১২ এবং ভিলিয়ার্স ১৭ রানে অপরাজিত ছিলেন।৪ উইকেটে ৯২ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল ভারতীয় দল। আগের দুই দিন ব্যাটসম্যানদের ওপর চড়াও হয়েছেন বোলাররা। সেই প্রতিশোধটাই যেন আজ নিয়েছেন ভিভিএস লক্ষ্মণ। এক প্রান্ত আগলে রেখে ৯৬ রানের ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান। ভারতের দ্বিতীয় ইনিংসে মরকেল ও তোতসোবে তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়া স্টেইন দুটি, ক্যালিস ও হ্যারিস একটি করে উইকেট নেন। ক্রিকইনফো।