দক্ষতা বাড়াতে বক্সিং-ফুটবল
টানা দৌড়-ঝাঁপ, জিম করে করে ক্লান্তি ভর করতে পারে ক্রিকেটারদের মধ্যে। এক মাসের কন্ডিশনিং ক্যাম্পে সে কারণেই দুটি ‘জানালা’ রেখেছেন জাতীয় দলের ট্রেনার গ্রান্ট লুডেন। ক্যাম্পের শেষ দিকে ক্রিকেটাররা যাবেন কক্সবাজারে। এর আগে ক্যাম্পটি পাঁচ দিনের জন্য চলে গেছে বিকেএসপিতে।সকাল-বিকেল জিম রানিং ছাড়াও কাল থেকে শুরু বিকেএসপির আবাসিক ক্যাম্পের সূচিতে কিছু ব্যতিক্রমী কাজও থাকছে। আজ যেমন বিকেএসপির বক্সিং কোচের কাছে বক্সিংয়ের প্রাথমিক পাঠ নেবেন ক্রিকেটাররা। নিজেরা বক্সার না হলেও একজন বক্সারকে মৌলিক যে বিষয়গুলো জানতে হয়, আশরাফুল-জুনায়েদদের শেখানো হবে সেগুলো। একইভাবে কাল আছে ফুটবল সেশন। দেড় ঘণ্টার সেশনে ড্রিল-ওয়ার্মআপ ছাড়াও খেলোয়াড়েরা দুই ভাগে ভাগ হয়ে একটা প্রীতি ম্যাচ খেলবেন বিকেএসপির হকি মাঠে।কিন্তু ক্রিকেট খেলার জন্য বক্সিং-ফুটবলের মৌলিক পাঠ নেওয়ার কী দরকার? ব্যাখ্যা দিলেন ট্রেনার গ্রান্ট লুডেনের সহকারী হিসেবে বিকেএসপিতে দলের সঙ্গে থাকা বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী, ‘আমরা মনে করি, দক্ষতার স্থানান্তর সম্ভব। এক খেলার দক্ষতা দিয়ে আরেক খেলা ভালো খেলা যায়। যেমন যে ভালো অ্যাথলেট, ফুটবলও সে ভালো খেলবে। সে কারণেই একটু ভিন্ন উপায়ে খেলোয়াড়দের দক্ষতা বাড়ানোর চেষ্টা হচ্ছে।’ফুটবল ক্রিকেটাররা নিয়মিতই খেলেন। এমনকি বক্সিংও একটা সময়ে ছিল বাংলাদেশ দলের অনুশীলন ‘সিলেবাসে’। কাল বিকেএসপিতে ক্যাম্প দেখতে যাওয়া সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক মিনহাজুল আবেদীন রোমন্থন করলেন সেই স্মৃতি, ‘গর্ডন গ্রিনিজের সময় আমরাও একবার বিকেএসপিতে বক্সিং ট্রেনিং করেছি। স্ট্রেংথ ট্রেনিংয়ের জন্য এটা ভালো।’ শুধু বক্সিংই নয়, ট্রেনার গ্রান্ট লুডেনের প্রাক-মৌসুম কন্ডিশনিং ক্যাম্পটাকেই বিশেষ গুরুত্ব দিতে চান মিনহাজুল, ‘প্রি-সিজন ক্যাম্প হিসেবে খুব ভালো প্ল্যানিং করেছে ট্রেনার। মৌসুম শুরুর আগে এ রকম একটা কিছু সব সময়ই দরকার। ক্যাম্পটা ভালোভাবে শেষ করতে পারলে ক্রিকেটারদের লাভ।’দিনের বেলা হকি মাঠকে কেন্দ্র করেই চলছে ক্রিকেটারদের কন্ডিশনিং ক্যাম্প, রাতে থাকছেন বিকেএসপির আন্তর্জাতিক হোস্টেলে। বক্সিং, ফুটবলের কৌশল শেখার বাইরে ১৫ জুন সকাল পর্যন্ত প্রতিদিনের সূচিতে রানিং-সুইমিং-জিমও আছে। দেবাশিস চৌধুরী জানিয়েছেন, ঢাকায় খেলোয়াড়েরা দৈনিক সাড়ে ৪ কিলোমিটারের মতো দৌড়ালেও বিকেএসপিতে গিয়ে দৌড়াচ্ছে সাড়ে ৬ কিলোমিটারের মতো। সামনে এটা বাড়িয়ে ১২ থেকে ১৫ কিলোমিটার করার পরিকল্পনা আছে।এসেক্সের হালস্টিড ক্লাবে খেলতে সৈয়দ রাসেল ইংল্যান্ড চলে গেছেন ৯ জুন। বাঁ পায়ের গোড়ালির সমস্যার কারণে আরেক পেসার শফিউল ইসলাম এখনো যোগ দিতে পারেননি কন্ডিশনিং ক্যাম্পে, পুরোপুরি সুস্থ হতে আরও ১০ দিনের মতো লাগবে। এ ছাড়া তামিম ইকবালও বিকেএসপির ক্যাম্পের প্রথম দিনে ছিলেন না। তবে গতকাল তাঁর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।