দক্ষতার অভাব রোনালদোর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস্টিয়ানো রোনালদোকে বিবেচনা করা হয় এ সময়ের অন্যতম সেরা ফুটবলার হিসেবে। ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে গোল করাটা যেন অভ্যাসই বানিয়ে ফেলেছেন এই পর্তুগিজ স্ট্রাইকার। কিন্তু কাল ডেনমার্কের বিপক্ষে সেই রোনালদোই কাটিয়েছেন বিভীষিকাময় সময়। দলের সেরা এই স্ট্রাইকারই নষ্ট করেছেন নিশ্চিত কিছু গোলের সুযোগ। শেষ পর্যন্ত পর্তুগাল ম্যাচটা ৩-২ গোলে জিততে পারলেও রোনালদোর পারফরমেন্স নিশ্চিতভাবেই হতাশা জাগিয়েছে সমর্থকদের মনে। তবে দুঃসময়ে রোনালদোর পাশে দাঁড়িয়েছেন পর্তুগাল কোচ পাওলো বেনতো ও সতীর্থ পেপে।ডেনিশদের বিপক্ষে শুরুতেই ২-০ গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচটা জিততে অনেক ঘাম ঝরাতে হয়েছে পর্তুগালকে। ৮৭ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় ভারেলার গোলে জয় পেয়েছে পর্তুগিজরা। অনেকেরই অভিমত, রোনালদো যদি নিশ্চিত কিছু গোলের সুযোগ নষ্ট না করতেন, তাহলে হয়তো আরও আগেই জয় নিশ্চিত করতে পারত তারা। তবে এমন দাবির সঙ্গে একেবারেই একমত নন কোচ পাওলো বেনতো। তিনি বলেছেন, ‘রোনালদোর অনেক কিছু করার ক্ষমতা আছে। কিন্তু কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে সে হয়তো দক্ষতাটা দেখাতে পারে না।’ রোনালদো নিজের পারফরমেন্স নিয়ে নিজেই হতাশায় ভুগছেন, এমন কথাও একেবারে উড়িয়ে দিয়েছেন পর্তুগিজ কোচ। তাঁর মতে, ‘দলের কোনো খেলোয়াড়ের মধ্যেই হতাশা নেই। সবাই ডেনমার্কের বিপক্ষে জয়টা পেয়ে খুব আনন্দিত। এখন আগামী ম্যাচগুলোর দিকেই দৃষ্টি আছে তাদের।’পর্তুগালের ডিফেন্ডার পেপেও দাঁড়িয়েছেন রোনালদোর পাশে। তিনি বলেছেন, ‘রোনালদো এ সময়ের সেরা ফুটবলার। কিন্তু সেরারাও অনেক ভুল করে। কাজেই আমাদের এখন তাকে সমর্থনই দেওয়া উচিত। পর্তুগালকে তিনি একাই টেনে নিয়ে যেতে পারবেন না। আজকে হয়তো তিনি কিছু ভুল করেছেন, কিন্তু আমরা এ জায়গায় আসতে পেরেছি তাঁর জন্যই।’ রয়টার্স।