দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক ও চিলির জয়
বিশ্বকাপকে সামনে রেখে প্রীতি ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, ডেনমার্ক ও চিলি। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত নিজ নিজ ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২-১ গোলে কলম্বিয়াকে, চিলি ৩-১ গোলে জাম্বিয়াকে ও ডেনমার্ক ২-০ গোলে সেনেগালকে হারায়। হন্ডুরাস ও বেলারুশের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে অমীমাংসিত থাকে।জয়ের ধারা অব্যাহত রেখেছে দক্ষিণ আফ্রিকা। গতকাল ফুটবল নগর জোহানেসবার্গে অনুষ্ঠিত ম্যাচে কলম্বিয়াকে হারানোর মাধ্যমে কোচ কার্লোস পাহেইরার তত্ত্বাবধানে টানা ১০ ম্যাচে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তবে উপস্থিত প্রায় ৭০ হাজার দর্শককে খুশি করতে পারেননি দক্ষিণ আফ্রিকার ফুটবলাররা। কারণ, দলের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। কলম্বিয়া যে একটি গোলটি শোধ করতে পেরেছে তাও পেনাল্টির কল্যাণেই! প্রীতি ম্যাচ নয়, ‘ফাউল’ করার মহড়াই যেন হয়ে গেল জোহানেসবার্গে।সেনেগালের বিপক্ষে জয়ে আনন্দের চেয়ে আশঙ্কাই বেশি ভর করেছে ডেনমার্কের ওপর। কারণ, খেলা শেষ হওয়ার মাত্র নয় মিনিট আগে চোট পেয়েছেন ডিফেন্ডার সাইমন জায়ের। চোট এতটাই বেশি যে ২৩ সদস্যের চূড়ান্ত দলে এই ডিফেন্ডারের থাকা-না থাকা অনিশ্চিত হয়ে পড়েছে। ১৯৮২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেছে হন্ডুরাস। বড় ধরনের অঘটন না ঘটলে বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই তাদের বাদ পড়াটা নিশ্চিত। ‘এইচ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ স্পেন, চিলি ও সুইজারল্যান্ড। শক্তির বিচারে সবার নিচে অবস্থান করছে হন্ডুরাস। তবে প্রীতি ম্যাচে বেলারুশের বিপক্ষে ভালোই খেলেছে দলটি। জয় না পেলেও ২-২ গোলে ড্র হন্ডুরাসের জন্য ভালো ফলই বলতে হয়।চিলির কাছে এদিন পাত্তাই পায়নি জাম্বিয়া। শক্তির বিচারে অসম এই দল দুটির মধ্যে ফলাফলও তাই প্রত্যাশামতোই হয়েছে। প্রায় পুরো সময় মাঠের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে জয় তুলে নেয় চিলি।