দক্ষিণ আফ্রিকা বনাম জনসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনসনকে থামাতে পারবে দক্ষিণ আফ্রিকা? । ওয়েবসাইট
জনসনকে থামাতে পারবে দক্ষিণ আফ্রিকা? । ওয়েবসাইট

অ্যাশেজ টু অ্যাশেজ, ডাস্ট টু ডাস্ট, ইফ টমসন ডাজন্ট গেট ইউ, লিলি মাস্ট।
সে একসময় ছিল বটে! যে সময়ে ক্রিকেটে লিলি-টমসনরাই রাজা ছিলেন, রাজত্ব করেছেন হোল্ডিং-গার্নাররাও। ফিল্ডিং সীমাবদ্ধতা, পাওয়ার-প্লে আর টি-টোয়েন্টির মারমার-কাটকাট ক্রিকেটের যুগে বেড়ে ওঠা প্রজন্মের সাধ্য কী কল্পনার চোখে সেই সময়কে দেখার! বল হাতে একজন ফাস্ট বোলারকে দেখলে ব্যাটসম্যানের শিরদাঁড়া কীভাবে কেঁপে উঠতে পারে, এ যে অজানাই রয়ে গেছে এখনকার ক্রিকেটপ্রেমীদের কাছে।
বহু বছর বুঝি বুকের ভেতরে এমন আক্ষেপ পুষে রেখেছিলেন জেফ টমসন, যন্ত্রণায় পুড়ছিলেন মাইকেল হোল্ডিং। ক্রিকেট কি শুধু ব্যাটসম্যানদের খেলা?
তারপর আরও একটা অ্যাশেজ এল, আর ঘোড়ায় চড়া রাজকুমারের মতো আক্ষেপ ঘুচিয়ে দিতে এলেন মিচেল জনসন। তাঁর গোঁফ মনে করিয়ে দিল লিলিকে, গতিতে যেন ফিরে এলেন টমসন আর শরীরী আগ্রাসন নিজের উত্তাল যৌবনের দিনগুলোর কথা মনে করিয়ে দিল হোল্ডিংকে। যেন ফাস্ট বোলিংয়ের পুনর্জন্ম হলো জনসনের মাধ্যমে।
ইংল্যান্ড পুড়ে ছাই হয়েছে আগেই। এবার সে জনসন-আগুনের উত্তাপ টের পাচ্ছে বিশ্বের এক নম্বর টেস্ট দল দক্ষিণ আফ্রিকাও। সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ান পেসার একাই হারিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে। আজ থেকে শুরু পোর্ট এলিজাবেথ টেস্টেও সবার নজর তাঁর দিকে। জিতে সিরিজ নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার হয়তো আরও একবার তাঁকেই লাগবে, অন্য সবকিছু বাদ দিয়ে দক্ষিণ আফ্রিকাও ব্যস্ত তাঁকে সামলানোর পরিকল্পনা আঁটতে।
অনেক দিন পর কারও মধ্যে নিজেদের ছায়া দেখতে পেয়ে যেন মাঝবয়সী রক্ত টগবগ করছে হোল্ডিং-টমসনের শরীরেও। প্রথম টেস্টের পর ফক্স স্পোর্টসের সঙ্গে এক সাক্ষাৎকারে তাই টমসনের কণ্ঠে উচ্ছ্বাস, ‘ফাস্ট বোলিং নিয়ে আমি দীর্ঘদিন খুব বিরক্ত ছিলাম। বহুদিন আমাদের দলে শেন ওয়ার্ন বোলিং করেছে। কিন্তু ওসব স্পিন বোলিং নিয়ে কারই বা আগ্রহ আছে।’
রসিকতা। কিন্তু এর মধ্যে একটা খেদ যে লুকিয়ে আছে তাও তো বোঝা যায়। জনসন এই খেদটা কমিয়েছেন হোল্ডিংয়েরও, ‘অ্যাশেজ আর তারপর সেঞ্চুরিয়নে জনসন যা করেছে, সেটা গত কয়েক বছরের টেস্ট ক্রিকেটে নতুন মাত্রা যোগ করেছে। এমন আগ্রাসন আর এমন গতিতে আমরা অনেক দিন কাউকে বল করতে দেখিনি। পাঁচ ছয় বছর ধরে ব্যাটসম্যানরা মিডিয়াম পেসারদের খেলতে খুব অভ্যস্ত হয়ে গিয়েছিল।’
টমসন-হোল্ডিংরা যাঁকে নিয়ে এত উচ্ছ্বসিত, তাঁকে নিয়ে দুশ্চিন্তায় ঘুম নেই গ্রায়েম স্মিথদের। তবে মাঠে নামার আগে মনস্তাত্ত্বিক লড়াইয়ে পিছিয়ে থাকতে কেন চাইবেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক, ‘আমরা সবাই জানি, সে অনেক শিরোনাম, গল্প আর উন্মাদনা তৈরি করেছে। যে ভালো পারফর্ম করে আমরাও তাকে সম্মান করি। তবে এখন নিজেদের খেলার দিকেই আমাদের বেশি মনোযোগ!’
দক্ষিণ আফ্রিকার বেশির ভাগ পিচ পেসারবান্ধব হলেও ঐতিহ্যগতভাবে পোর্ট এলিজাবেথই কিছুটা ধীরগতির বলে পরিচিত। কিন্তু এই জনসনের কাছে যে এখন আর পিচ কোনো ব্যাপার নয়, সেটা অ্যাশেজেই দেখিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার অন্য উইকেটের তুলনায় অ্যাডিলেডও কিছুটা ফ্ল্যাট বলে পরিচিত। সেখানেও তো দুই ইনিংস মিলিয়ে ৮ উইকেট নিয়েছেন জনসন। পোর্ট এলিজাবেথে তাঁকে কীভাবে থামাবে দক্ষিণ আফ্রিকা? এএফপি, ওয়েবসাইট।