দক্ষিণ আফ্রিকা দল ‘চোকার্স’। ১৯৯০ সালের পর বড় কোনো শিরোপা ঘরে ওঠেনি। বড় আসরে খেই হারিয়ে ফেলার রেকর্ডের কারণে প্রোটিয়াদের গায়ে তকমাটা লেগে গেছে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও গা জ্বালা করা তকমাটা থেকে বেরিয়ে আসতে পারলেন না দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা।সুপার এইটে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। হার দুটিতেই। পাকিস্তানের কাছে ২ উইকেটের পর গতকাল রোববার অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হার। ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘চোকার্স’ তকমা নিয়ে প্রশ্ন শুনতে হলো ডি ভিলিয়ার্সকে। তবে প্রোটিয়া অধিনায়কের দাবি, তাঁর দল চোকার্স নয়।‘আমরা চোক করেছি, এটা বলব না। একেবারে ম্যাচের প্রথম বল থেকে আমরা খারাপ খেলেছি। শুরুটা বাজে হয়েছিল, শেষটাও বাজে হয়েছে। তেতো স্বাদটা এখনো আমার মুখে লেগে আছে।’ বলেছেন ভিলিয়ার্স।সুপার এইটের এই গ্রুপটাকে বলা হচ্ছিল ‘মৃত্যুকূপ’। কাল গ্রুপের শেষ দুই ম্যাচের ওপর ঝুলছে এখন সুপার এইটের ভাগ্য। ২ ম্যাচে জয় এবং +১.৭১২ নেট রানরেটের কারণে অস্ট্রেলিয়া অনেকটাই নিশ্চিন্ত। সেমিফাইনালে ওঠার দৌড়ে আছে বাকি তিন দলই। পাকিস্তান ও ভারতের পয়েন্ট সমান, নেট রানরেটও খুব কাছাকাছি (পাকিস্তানের মাইনাস দশমিক ৪২৬, ভারতের মাইনাস দশমিক ৪৫২)। দুই ম্যাচে হেরে দক্ষিণ আফ্রিকার অবস্থান শোচনীয়। নেট রানরেট মাইনাস দশমিক ৬০৫। কিন্তু আগামীকাল যদি দক্ষিণ আফ্রিকা ভারতকে হারিয়ে দেয় এবং অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় পাকিস্তান—নেট রানরেটে শেষ চারে ওঠার সুযোগ থাকছে প্রোটিয়াদেরও।দক্ষিণ আফ্রিকার কাছে সমীকরণটা কঠিন। তবে প্রোটিয়ারা যে হাল ছাড়ার পাত্র নয়, সেটা জানিয়ে দিয়েছেন ডি ভিলিয়ার্স, ‘এখনো সব শেষ হয়ে যায়নি। আমরা এমন দল নই যে দ্রুত হাল ছেড়ে দেব। ঘুরে দাঁড়িয়ে আরও ভালো করার চেষ্টা করব। ভালো করতেই হবে আমাদের।’ সূত্র: পিটিআই।