দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩২১ রানের লক্ষ্য তাড়া করার কাজটা যে মোটেই সহজ হবে না, সেটা বোঝা গিয়েছিল শুরুতেই। প্রথম বলেই কলিন ইনগ্রামের উইকেট তুলে নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। কিন্তু তাই বলে মাত্র ১৪০ রানেই গুটিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা? কল্পনাতে না এলেও এমনটাই ঘটেছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ১৮০ রানের বড় ব্যবধানের জয় দিয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা দারুণভাবেই করেছে স্বাগতিক শ্রীলঙ্কা।যে উইকেটে শ্রীলঙ্কা ৩২০ রানের পাহাড় গড়ল, সেখানে রানের চাকা ঘোরাতে হিমশিম খেতে হলো দক্ষিণ আফ্রিকাকে। থিসারা পেরেরা আর রঙ্গনা হেরাথের দারুণ বোলিংয়ে দাঁড়াতেই পারলেন না প্রোটিয়া ব্যাটসম্যানরা। দুই লঙ্কান বোলারই পেয়েছেন তিনটি করে উইকেট। ৩২১ রানের বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ৬ ওভারের মধ্যে মাত্র ২৯ রানেই ইনগ্রাম ও জেপি ডুমিনির উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে ৪৪ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন ডি ভিলিয়ার্স ও আলভিরো পিটারসেন। কিন্তু ১২তম ওভারে ডি ভিলিয়ার্স সাজঘরে ফেরার পর ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সফরকারীরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ৩২ ওভারের মধ্যেই গুটিয়ে যায় প্রোটিয়া ইনিংস। স্কোরবোর্ডে তখন জমা হয়েছিল মাত্র ১৪০ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস এসেছে রবিন ও আলভিরো পিটারসেনের ব্যাট থেকে।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার বোলারদেরও নাজেহাল করেছেন উপুল থারাঙ্গা, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। সাঙ্গাকারা খেলেছেন ক্যারিয়ারসেরা ১৬৯ রানের ইনিংস। ১৮টি চার ও ৬টি ছয়ে সাজানো এই দুর্দান্ত ইনিংসটি তিনি খেলেছেন ১৩৭ বলে। সাজঘরে ফেরার আগে থারাঙ্গা করেছেন ৪৩ রান। ৪২ রান এসেছে জয়াবর্ধনের ব্যাট থেকে।