দক্ষিণ আফ্রিকাকে হারাতে আত্মবিশ্বাসী সাকিব
কোয়ার্টার ফাইনালে ওঠার পথ একটাই। হারাতে হবে দক্ষিণ আফ্রিকাকে। কাজটা কঠিন সন্দেহ নেই। তবে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে আত্মবিশ্বাসী বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।‘ওরা আমাদের চেয়ে ভালো দল সন্দেহ নেই। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটি দিকেই দক্ষিণ আফ্রিকা আমাদের চেয়ে এগিয়ে। তবে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারলে আমাদের কন্ডিশনে যে কারও আমাদেরকে হারানো কঠিন হবে’—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ শুক্রবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন সাকিব।চেনা কন্ডিশন। গোটা গ্যালারি কথা বলবে বাংলাদেশের হয়ে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে এসব বাড়তি সুবিধা দেবে সন্দেহ নেই। তবে সাকিবের আত্মবিশ্বাসের কারণ আরও আছে—জয়ের ধারায় রয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের মনোবল চাঙা। সবচেয়ে বড় শক্তি তো এটাই! সাকিব তা স্বীকারও করে নিয়েছেন, ‘জয়ের ধারায় আছি বলেই দক্ষিণ আফ্রিকাকে হারানোর আত্মবিশ্বাস পাচ্ছি।’হারলেই বিশ্বকাপ শেষ। মিরপুরে বাঁচা-মরার লড়াই সাকিব সহযোগিতা চাইলেন সবার কাছে, ‘দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে সবাইকে এক হয়ে খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রতিটি বিভাগেই ভালো করতে হবে।’