দক্ষিণ আফ্রিকাকে 'প্রতারক' বলল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জাকা আশরাফ
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জাকা আশরাফ

প্রতিবাদ-বিরোধিতা যথেষ্টই হয়েছিল। কিন্তু তবুও শেষ পর্যন্ত থামানো গেল না আইসিসির আমূল পরিবর্তন। ‘বিগ থ্রি’র সংস্কার প্রস্তাব ঠিকই পাস হয়ে গেল সিঙ্গাপুরের বৈঠকে। পাকিস্তান আর শ্রীলঙ্কা বাদে শেষ পর্যন্ত সবাইকে নিজেদের পক্ষে নিয়ে এল ক্রিকেট মোড়লেরা। যারা সবার আগে বিরোধিতা করেছিল এই সংস্কার প্রস্তাবের, সেই দক্ষিণ আফ্রিকাও ভিড়ে গেল ক্ষমতাশালীদের দলে! শেষ মুহূর্তে প্রোটিয়া ক্রিকেট বোর্ডের এই ‘ডিগবাজি’তে রীতিমতো ক্ষুব্ধ পাকিস্তান। আইসিসির বৈঠকে দক্ষিণ আফ্রিকা প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি জাকা আশরাফ।

ক্রিকেট বিশ্বের আমূল পরিবর্তন ঠেকাতে ভারত, অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিরুদ্ধে একজোট হয়েছিল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বলা হচ্ছিল, লড়াইটা হচ্ছে তিন বনাম তিনের। এই তিন দেশের কেউই যদি ভোট না দিত তাহলে পাস হতো না এই বিতর্কিত সংস্কার প্রস্তাব। বিরোধিতা করার ঘোষণা দিয়েই সিঙ্গাপুরের বৈঠকে অংশ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও শ্রীলঙ্কা। কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান-শ্রীলঙ্কা নিজেদের অবস্থান ঠিক রাখলেও দক্ষিণ আফ্রিকা সমর্থন দিয়ে বসেছে ‘বিগ থ্রির’ প্রস্তাবকে। শেষ মুহূর্তে এই অবস্থান বদলের পর দক্ষিণ আফ্রিকার তীব্র সমালোচনা করেছেন পিসিবির সভাপতি আশরাফ, ‘দক্ষিণ আফ্রিকা আমাদের সঙ্গে প্রতারণা করেছে। গত শুক্রবার রাতে আমরা জেনেছি যে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। আমরা হতাশ হয়েছি।’ সংস্কার প্রস্তাব ঠেকাতে না পেরে এখন আইসিসির কাছে আরও সময় চেয়ে নিয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। পরিবর্তিত পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত আলোচনার পরে নিজেদের অবস্থান জানাবে তারা।

এদিকে আইসিসির এই আমূল পরিবর্তন ক্রিকেটের জন্য সুফল বয়ে আনবে না বলেই মনে করছেন রশিদ লতিফ। এটার পরিণতি এমনকি ম্যাচ গড়াপেটার চেয়েও খারাপ হতে পারে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক, ‘আমার মনে হয় ক্রিকেটের জন্য এটা ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বেশি ক্ষতিকর হবে। তিন ‘ডনের’ কাছে ক্ষমতা চলে যাওয়ার মানে হচ্ছে, সব সিদ্ধান্ত তাদের স্বার্থ অনুযায়ীই নেওয়া হবে।’ এএফপি