দক্ষিণ আফ্রিকাকেও ইনজুরির হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সিরিজের ধাক্কাটা এখনো সামলাতে পারছে না ভারত। ভাবছেন বাংলাদেশের বিপক্ষে ভারত ধাক্কাটা খেল কোথায়, সিরিজ জিতল তো ২-০ ব্যবধানেই। ধাক্কাটা কেমন তা বোঝা গেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ভারতের সেরা একাদশের দিকে তাকিয়েই। রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, শ্রীশান্ত—দেখা যায়নি এই নামগুলো। সবাই যে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ সফরেই। ছয় বছর পর মিডল-অর্ডারে দুজন অভিষিক্তকে নিয়ে স্টেইন-হ্যারিসদের সামনে উড়ে গেছে ভারতের ব্যাটিং লাইনআপ। তবে দ্বিতীয় টেস্টের এক দিন আগে এই ইনজুরিই একটু আলোর রেখা দেখিয়েছে স্বাগতিকদের।কাল ইডেনে ফিল্ডিং প্র্যাকটিসের সময় ইনজুরিতে পড়েছেন গ্রায়েম স্মিথ। দক্ষিণ আফ্রিকা অধিনায়কের বাঁ হাতের কনিষ্ঠার লিগামেন্ট ছিঁড়ে গেছে। তবে মাঠেই এক্স-রে করে দেখা গেছে আঙুলের হাড় ক্ষতিগ্রস্ত হয়নি। মেডিকেল টিম আশা করছে ইনজুরিটা ২৪ ঘণ্টার মধ্যেই ঠিক হয়ে যাবে, তার পরও শঙ্কা তো থাকছেই। স্মিথকে নিয়ে যখন দুশ্চিন্তায় দক্ষিণ আফ্রিকা, ভারত শিবিরে তখন লক্ষ্মণকে ফিরে পাওয়ার স্বস্তি। ১০৯ টেস্টের অভিজ্ঞ ব্যাটসম্যানের ইডেনে খেলা মোটামুটি নিশ্চিত।ব্যাটিংয়ে শক্তি একটু বাড়ছে, তবে বোলিং নিয়ে মহেন্দ্র সিং ধোনির দুশ্চিন্তাটা যাচ্ছে না। দেশের মাটিতে দলের সবচেয়ে বড় অস্ত্র হরভজন সিং বেশ কিছু দিন থেকেই ধার হারিয়ে ফেলেছেন। র্যাঙ্কিংয়ের সেরা দুই দলের লড়াইয়ে অন্য সবদিকে দুই দল কাছাকাছি হলেও স্পিন বোলিংয়ে ভারতকে যোজন যোজন এগিয়ে রেখেছিল সবাই। অথচ হরভজন-অমিত মিশ্রদের টেক্কা দিয়েছেন পল হ্যারিস। সুযোগ পেয়ে মোক্ষম জায়গায় আঘাত করেছেন স্মিথদের বর্তমান কোচ কোরি ভ্যান জিল ও সদ্য সাবেক কোচ মিকি আর্থার। ভারতীয় দলে হরভজনের জায়গা নিয়ে প্রশ্ন তুলেছেন দুজনেই। হরভজনের সাবেক সতীর্থ অনিল কুম্বলে অবশ্য সমালোচকদের দলে নেই। শুরুতে কিছু উইকেট পেলেই তাঁকে অন্য চেহারায় দেখা যাবে বলে বিশ্বাস কুম্বলের। ভেঙে পড়েননি হরভজনও, পাল্টা জবাব দিয়েছেন সমালোচকদের, ‘প্রতিদিনই তো আর পাঁচ উইকেট করে তোলা যায় না। দক্ষিণ আফ্রিকা এখানে খেলতে এসেছে, ছুটি কাটাতে নয়। ওরা দুর্দান্ত খেলেছে, এটাও তো মানতে হবে।’‘ভাজ্জি’কে আত্মবিশ্বাস জোগাচ্ছে দ্বিতীয় টেস্টের ভেন্যু ইডেনও। ৯ বছর আগে এই ইডেনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিকসহ ১৩ উইকেট নিয়ে পুনর্জন্ম হয়েছিল তাঁর ক্যারিয়ারের। এই মাঠে ৬ টেস্টে উইকেট ৩৮টি, খারাপ সময় পেছনে ফেলার জন্য এর চেয়ে পয়মন্ত ভেন্যু আর কোনটি হতে পারত এই অফ স্পিনারের জন্য! তাঁর প্রতিপক্ষ স্পিনার হ্যারিস আবার খারাপ সময় পেছনে ফেলেই একহাত নিয়েছেন সমালোচকদের, ‘ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও ইনিংসে ৫ উইকেট ছিল। কিন্তু দুটো টেস্ট খারাপ খেলতেই চারদিক থেকে সমালোচনা শুরু হলো। গত কয়েক বছরের দলের সাফল্যে আমার অবদান কম নয়, তাই খুব হতাশ হয়েছিলাম। দক্ষিণ আফ্রিকায় স্পিনারদের আরেকটু সম্মান মনে হয় প্রাপ্য।’কাল এবি ডি ভিলিয়ার্স বলেছেন, ক্রিকেট খেলাটাই হলো ছন্দ ধরে রাখার খেলা, আর এটা যেহেতু তাদের সঙ্গে, একবিন্দু ছাড় দেবেন না ভারতকে। অন্যদিকে এক নম্বরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই ভারতের। ইডেনে তাই আগামীকাল থেকে দেখা যেতে পারে আগুন লড়াই। ওয়েবসাইট।