দক্ষিণ আফ্রিকানরা ‘চোকার্স’ নয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজনের সময় চাপে ভেঙে পড়ে। একবার-দুবার নয়, বারবার আয়নায় নিজেদের এই চেহারাটা দেখছে দক্ষিণ আফ্রিকা। সংগত কারণেই তাদের নামের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছে ‘চোকার্স’ অপবাদ। কিন্তু আগে প্রোটিয়ারা নিজেদের ‘চোকার্স’ অপবাদ নিতে না চাইলেও এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে এবি ডি ভিলিয়ার্স প্রকারান্তরে ওটা স্বীকারই করেছিলেন। বিশ্বকাপ শুরুর আগেই দক্ষিণ আফ্রিকার অধিনায়ক জোর দিয়ে বলেছিলেন, ‘চোকার্স’ অপবাদটা এবার তাঁরা মুছে ফেলবেন।কিন্তু মাঠের লড়াইয়ে ফুটে উঠল দক্ষিণ আফ্রিকানদের সেই পুরোনো চরিত্রই। গ্রুপ পর্বের দুই ম্যাচেই দাপুটে জয়। কিন্তু সুপার এইটে এসেই সেই দক্ষিণ আফ্রিকা মিউ মিউ করা ‘বিড়াল’। হেরে গেছে সুপার এইটে নিজেদের প্রথম দুই ম্যাচেই। পরশু অস্ট্রেলিয়ার কাছে তো স্রেফ উড়েই গেছে। শেন ওয়াটসন একাই দুবার খুন করেছেন প্রোটিয়াদের—প্রথমে বোলিংয়ে, পরে ব্যাটিংয়ে। সেমিফাইনালে উঠতে হলে আজ ভারতের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেই শুধু হবে না, পাকিস্তানকেও হারতে হবে অস্ট্রেলিয়ার কাছে। এই যখন পরিস্থিতি, তখন দক্ষিণ আফ্রিকানদের গায়ে ‘চোকার্স’ অপবাদটা বেশে শক্ত করেই সেঁটে যায়। কিন্তু দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের অধিনায়ক আবারও বলছেন, দক্ষিণ আফ্রিকানরা চোকার্স নয়।‘আমি বলব না যে আমরা চোক করেছি। ম্যাচে আমরা একেবারে প্রথম বল থেকেই একটু একটু করে ম্যাচ থেকে ছিটকে পড়েছি। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমাদের শুরুটাই হয়েছিল বাজেভাবে, শেষও হয়েছে একই রকম বাজেভাবে। কাজেই এটা আমার কাছে একটা তিক্ত অভিজ্ঞতা’—পরশু অস্ট্রেলিয়ার কাছে হারের পর বলেছেন ডি ভিলিয়ার্স।ডি ভিলিয়ার্স মুখে যতই বলুন ‘আমরা চোকার নই’, কিন্তু এটা তাঁদের প্রমাণ করতে হবে মাঠেই। দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ভারতের বিপক্ষে আজকের বাঁচা-মরার ম্যাচ নিয়ে আশাবাদী, ‘আমাদের সম্ভাবনা একেবারে ফুরিয়ে যায়নি। আমরা এমন দল নই যে আগেই আশা ছেড়ে দেব। আমরা ঘুরে দাঁড়াব এবং খেলায় ভালো করার চেষ্টা করব। উন্নতি আমাদের করতেই হবে।’ এএফপি।