দক্ষিণ আফ্রিকানের ইংলিশ অভিষেক
‘আমি মনে-প্রাণে একজন ইংলিশ, ইংল্যান্ডকে নিয়ে আমার অনুভূতি আর সবার মতোই’—ঠিক দু সপ্তাহ আগে বলেছিলেন ক্রেইগ কিসওয়েটার। কাল বললেন, ‘এত দ্রুত দলে ডাক পেয়ে আমি নিজেই চমকে গিয়েছি, আমি এতটা আশা করিনি।’ মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যেই বদলে গেছে কিসওয়েটারের দুনিয়া, দেশপ্রেমের প্রমাণ দিতে মরিয়া লোকটিরই আজ হয়ে যাচ্ছে ইংল্যান্ডের হয়ে অভিষেক। যদিও আন্তর্জাতিক ম্যাচ নয়, খেলতে নামছেন ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ।সমারসেটে খেলেন, উইকেটের সামনে-পেছনে পারফরম্যান্সও দারুণ, তার পরও দেশপ্রেম নিয়ে কিসওয়েটারের ওভাবে গলা ফাটানোর কারণ তিনি ঠিক ‘খাঁটি’ ইংলিশ নন। তিনি অনুসারী কেভিন পিটারসেন-জোনাথন ট্রটদের, জন্ম-বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকায়, কিন্তু স্বপ্ন ইংল্যান্ড দলে খেলা। স্বপ্ন পূরণ হতে পিটারসেন-ট্রটদের মতোও সময় লাগেনি। ২০০৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার হয়ে, গত পরশু ঢাকা এলেন ইংল্যান্ড দলের হয়ে। দলে আসি আসি করছিলেন বেশ কিছুদিন থেকেই, অপেক্ষা ছিল কেবল নাগরিকত্বের জন্য প্রয়োজনীয় মেয়াদকাল পূরণের, যা হয়ে গেছে গত ১৭ ফেব্রুয়ারি। এর তিন দিন পরই ডাক পেয়ে গেলেন দলে। কিসওয়েটার বিস্মিত তো হবেনই।তবে নিজেকে মনে-প্রাণে ইংলিশ দাবি করেছেন বলে নয়, ইংল্যান্ড দলে জায়গা হয়েছে তাঁর পারফরম্যান্স দিয়েই। সমারসেটের হয়ে ৪৭ ম্যাচে ১৪টি ডিসমিসালের পাশাপাশি ৪ সেঞ্চুরিতে ২২৫৪ রান করেছেন ৪০.২৫ গড়ে। ৪৫টি ঘরোয়া একদিনের ম্যাচে ৩ সেঞ্চুরিতে রান ১৫০০। পারফরম্যান্সটা দারুণ টি-টোয়েন্টিতেও, ৩৪ ম্যাচে ৫ ফিফটিতে ৭৭২ রান, স্ট্রাইকরেট ১৩০.১৮! যেদিন নাগরিকত্ব পেলেন, সেদিনই দুবাইতে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ৬৬ বলে ৮২ রান করে হারিয়ে দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলকে। পারফরম্যান্সের পুরস্কারও পেলেন হাতেনাতেই। সমারসেটে খেলার সুবাদে পেয়েছেন সাবেক ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিকের সহচার্য। কিসওয়েটার নিজেও কিন্তু ওপেনার। ট্রট-পিটারসেনদের মতো কানাঘুষা চলছে তাঁকে নিয়েও, এভাবে চলতে থাকলে তো একসময় ইংল্যান্ড দলে কোনো ইংলিশই থাকবে না, বলছেন অনেকে। তবে জবাবটাও দারুণ দিয়েছেন এই ২২ বছর বয়সী, ‘সবারই নিজস্ব মতামত আছে এবং থাকবে। আমার কাছে ইংল্যান্ডের শার্ট গায়ে দেওয়াটাই সবচেয়ে গর্বের এবং আমি সত্যিই গর্বিত।’ম্যাট প্রিয়র আছেন, সেরা একাদশে জায়গা পাওয়াটা সহজ হবে না। তবে এটুকু জানিয়ে দিয়েছেন, প্রিয়র ব্যর্থ হলে সুযোগ নিতে তিনি পুরোপুরি প্রস্তুত। ওয়েবসাইট।