দক্ষিণ আফ্রিকার ওয়ার্ন-শরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষক হিসেবে ওয়ার্নকে পেয়ে মনোযোগী ছাত্র হয়ে গেলেন ইমরান তাহির । প্রথম আলো
শিক্ষক হিসেবে ওয়ার্নকে পেয়ে মনোযোগী ছাত্র হয়ে গেলেন ইমরান তাহির । প্রথম আলো

চোখ বড় বড় করে, ঠোঁট উল্টে দক্ষিণ আফ্রিকার মিডিয়া ম্যানেজার লেরাটো অবাক হওয়ার ভঙ্গি করলেন। তারপর বললেন, ‘আমরাও হঠাৎ তাকে অনুশীলনে দেখে বিস্মিত হয়েছি। আমার মনে হয় হোটেলে বসে থাকতে তার খুব একঘেয়ে লাগছিল। সে কারণেই বোলিং করতে চলে এসেছে।’
ভেতরের ব্যাপারটা যাঁদের জানা ছিল না তাঁদের অবশ্য কাল হঠাৎ শেন ওয়ার্নের দক্ষিণ আফ্রিকার অনুশীলনে চলে যাওয়া নিয়ে লেরাটোর এই ব্যাখ্যাটা মেনে নিতে হয়েছে। তবে আসল ব্যাপার সেটি নয়। কেউ না অনুরোধ করলে ওয়ার্নের মতো লোক বেলা ১১টায় প্রচণ্ড রোদে দক্ষিণ আফ্রিকার অনুশীলনে চলে যাবেন—এ কথা কে বিশ্বাস করবে!
মিশ্র-অশ্বিনদের বিপক্ষে ব্যাট করতে নামার আগে শেন ওয়ার্নের কাছ থেকে যদি কিছু পরামর্শ পাওয়া যায়, তার চেয়ে ভালো আর কী হতে পারে! দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ থেকেই তাই নাকি ওয়ার্নের কাছে অনুরোধটা গিয়েছিল কিছুটা সময়ের জন্য হলেও তাদের অনুশীলনে যেতে। ভেতরের খবরটা আগেই ছাপিয়ে দিয়েছিল ভারতীয় একটি দৈনিকও।
অনুরোধ রাখতে গিয়ে অবশ্য দায়সারা কিছু করেননি ওয়ার্ন। ইমরান তাহির আর জেপি ডুমিনিকে ডেকে অনেকক্ষণ কথা বলেছেন। একটা সময় নিজেই নেমে গেছেন বল হাতে। নেটে প্রতিটি বল করার পর আবার কুইন্টন ডি কক ও হাশিম আমলাকে ডেকে কী যেন বোঝালেন।
সব শেষ করে গিয়ে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের পাশে। একসময় দুজন ছিলেন প্রবল প্রতিপক্ষ। তবে কাল একাডেমি মাঠ থেকে গেট পর্যন্ত দুজন যেভাবে হাসতে হাসতে গলাগলি করে হেঁটে এলেন তাতে স্পষ্ট, পুরোনো প্রতিপক্ষের সঙ্গে এখন বন্ধুত্বটা দারুণ জমেছে ওয়ার্নের।
কে জানে দক্ষিণ আফ্রিকার অনুশীলনে আসার অনুরোধটা এই বন্ধুর কাছ থেকেই এসেছিল কি না!