দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের অনীহা
পাকিস্তান দলের বিরুদ্ধে একের পর এক ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠায় আগামী মাসে দলটির বিপক্ষে অনুষ্ঠেয় সিরিজে অংশ নিতে অনীহ দক্ষিণ আফ্রিকার সিনিয়র ক্রিকেটাররা। যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ আজ রোববার এ খবর প্রকাশ করেছে। তবে সিরিজ বাতিল করার কোনো কারণ নেই বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা।আবুধাবি ও দুবাইয়ে পাকিস্তান দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে, তিনটি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে প্রোটিয়াসদের। তবে কোনো ধরনের কলঙ্কের সঙ্গে না জড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেই সিরিজে অংশ নিতে আগ্রহী নন দলের বেশ কয়েকজন ক্রিকেটার। নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র ক্রিকেটার টেলিগ্রাফকে বলেন, ‘আমরা সত্যিই এ সিরিজে খেলতে আগ্রহী নই। কেউ জানে না, পাকিস্তান ক্রিকেটের ভাগ্যে কী লিখা আছে। মধ্যপ্রাচ্যের মতো জায়গায় এত বড় একটি প্রতিযোগিতা আমাদের সমস্যায় ফেলতে পারে।’এখানেই থামেননি এই প্রোটিয়াস ক্রিকেটার, ‘আমার মনে হয়, আইসিসির সামনে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। পাকিস্তান দলকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত রাখা উচিত, অন্তত গড়াপেটার বিষয়টি পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত।’খেলোয়াড়দের অনীহার ইঙ্গিত দিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকের্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টনি আইরিশ বলেন, ‘অনেক ক্রিকেটারের মধ্যেই এ সফর নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। আমরা পাকিস্তান দল নিয়ে যে খবর শুনছি, তা মোটেও প্রত্যাশিত নয়। আরও ডালপালা মেলার আগে সবকিছুর দ্রুত সমাধান হওয়া উচিত। সিনিয়র ক্রিকেটাররা এ সফর থেকে বিরত থাকুক, এটা চাই না আমরা।’ তবে বোর্ডের প্রধান নির্বাহী জেরাল্ড মাজোলা বলেন, ‘আগামী মাসে অনুষ্ঠেয় সিরিজে খেলতে অস্বীকৃতির বিষয়টি কোনো ক্রিকেটারই বোর্ডকে জানায়নি।’ ক্রিকেটাররা খেলতে না চাইলে বোর্ডের অবস্থান কী হবে?—জানতে চাইলে মাজোলা বলেন,‘এটা আইসিসির নির্ধারিত সূচি। আইসিসি সিরিজ বাতিল করেনি, আমরা চাইলেই সেই সিরিজ বাতিল করতে পারি না।’