দক্ষিণ আফ্রিকার নাটকীয় জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেটে নাটকীয় জয় কম নেই। তবে কাল শারজায় দক্ষিণ আফ্রিকার ১ রানের জয়টাকে নাটকীয় না বলে মহানাটকীয় বলাই ভালো।
লক্ষ্য ১৮৪ রান। একপর্যায়ে ৪ উইকেটেই পাকিস্তান করে ফেলে ১৬৫ রান। জয়ের জন্য চাই ১৯ রান। হাতে ৬ উইকেট। এমন ম্যাচেও হেরে যাওয়া, একমাত্র পাকিস্তানের পক্ষেই বুঝি সম্ভব!
মুহূর্তের একটা ঝড়। তাতে ১৭ রানের মধ্যে ৬ উইকেটের পতন। ৪ উইকেটে ১৬৫ থেকে পাকিস্তান অলআউট ১৮২ রানে। তিন উইকেট নিয়ে ওই ঝড়ে নেতৃত্ব দিয়েছেন এক পাকিস্তানিই—ইমরান তাহির। আসল নাটকটা জমে ওঠে পাকিস্তানের শেষ উইকেট জুটিতে। দরকার ৭ রান। উইকেটে ইরফান-আজমল। উত্তেজনাকর ওই মুহূর্তে ইরফানের বিপক্ষে এলবিডব্লুর আবেদনে ব্যর্থ হয়ে তাহির নিলেন রেফারেল। পাকিস্তান সে যাত্রায় বেঁচে গেলেও শেষ রক্ষা হয়নি। জয় থেকে ২ রান দূরে থাকতে মরকেলের বল এলেমেলো করে দিল ইরফানের স্ট্যাম্প। হারা ম্যাচে জয় দক্ষিণ আফ্রিকার।
এর আগে পেস-স্পিনের যুগলবন্দীতে দক্ষিণ আফ্রিকাকে ১৮৩ রানে বেঁধে ফেলে পাকিস্তান। পারনেল করেন সর্বোচ্চ ৫৬ রান। আজমল ৪টি ও আফ্রিদি নেন ৩ উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।