দক্ষিণ আফ্রিকার নিমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয়’। কবিগুরুর পঙিক্তটাই ধার করে, একটু ঘুরিয়ে দক্ষিণ আফ্রিকা বলছে, ‘বিশ্বকাপ তোদের ডাক দিয়েছে, আয় রে...।’ছুটে যাবেন কি না সেটা নিতান্তই আপনার ব্যাপার। তবে ২০১০ বিশ্বকাপ ঘিরে মহাযজ্ঞের আয়োজনই চলছে আফ্রিকার দেশটিতে। ৩২টি দেশের তারকা ফুটবলার, কোচ; কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্বদের কাছে থেকে দেখা, মাঠে অনিন্দ্যসুন্দর ফুটবলের পসরা; জয়-পরাজয়ের হাসিকান্নায় মিলেমিশে একাকার হয়ে যাওয়া—এসব তো থাকছেই।সোয়া ১২ লাখ বর্গকিলোমিটারের ‘রঙধনু’ দেশটি তার বহু ভাষা আর জাতির সাংস্কৃতিক বর্ণাঢ্যতা নিয়েই হাজির আপনার দুয়ারে। রথ দেখানোর পাশাপাশি কলাও হয়তো বেচতে চাইছে তারা। কিন্তু আখেরে লাভ হবে আপনারই।বিশ্বকাপ একটা উপলক্ষ তো বটেই, কিন্তু দক্ষিণ আফ্রিকা সরকার পর্যটনশিল্পটির বিকাশ নিয়ে ভাবছে আরও আগে থেকেই। বিশ্বজুড়ে চলমান মন্দায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর অন্যতম ছিল পর্যটন। কিন্তু দক্ষিণ আফ্রিকা ঠিকই একই সময়ে এই খাতে প্রবৃদ্ধি অর্জন করেছে বাকি সবার চেয়ে বেশি। গত বছর এই খাতে তাদের প্রবৃদ্ধি হয়েছে ৩.৬ শতাংশ। ‘২০০৯ সালে প্রায় ৯৯ লাখ পর্যটককে আতিথ্য দিয়েছি আমরা’—সগর্বে জানালেন সাউথ আফ্রিকান ট্যুরিজম বোর্ডের (এসএটি) আঞ্চলিক পরিচালক ফুমি ডোলোমো।প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে দেশটিকে। পাহাড় আছে। আছে বনভূমি, সাগর, মরুভূমি। আছে বরফপাহাড়ও! প্রাকৃতিক এসব সৌন্দর্য আরও সমৃদ্ধ হয়েছে দেশটির আদিবাসীদের বর্ণাঢ্য সংস্কৃতির কারণে। তা ছাড়া সাদাদের বিরুদ্ধে অনার্য কালোদের অধিকার রক্ষার লড়াইয়ের রক্তাক্ত ইতিহাস তো নুড়িপাথর হয়ে ছড়িয়ে-ছিটিয়ে আছে দেশটির পথে-প্রান্তরে।দক্ষিণ আফ্রিকানদের এই বর্ণাঢ্যতার কারণেই তাদের বলা হয় ‘রঙধনু জাতি’। দেশটিতে আনুষ্ঠানিক স্বীকৃত ভাষার সংখ্যাই ১১টি! কেপটাউনে দেখা মিলবে টেবল মাউন্টেনের। আছে দক্ষিণ আফ্রিকার স্বর্গোদ্যান নামে পরিচিত গার্ডেন রুট। স্বর্ণশহর জোহানেসবার্গ। আছে প্রায় ১৯ হাজার বর্গকিলোমিটার আয়তনের ক্রুগার ন্যাশনাল পার্ক। সমুদ্রশহর ডারবান।প্রকৃতির চেয়ে আপনাকে হয়তো বেশি টানে ইতিহাস। দক্ষিণ আফ্রিকা তার ঐতিহাসিক সব নিদর্শন সাজিয়ে রেখেছে সযতনে। রোবেন দ্বীপে চলে যেতে পারেন। কালো মানুষদের মুক্তির জন্য কত রক্ত ঝরাতে হয়েছে নেলসন ম্যান্ডেলাদের—তারই সাক্ষ্য পেয়ে যাবেন সেখানে।বিশ্বকাপ ঘিরে নতুন করে সবকিছু ঢেলে সাজানো হয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকার পরিকল্পনা আরও বড়, ব্যাপক। ফুমি ডোলোমো সেটাই বলছিলেন, ‘শুধু বিশ্বকাপই সব নয়। বিশ্বকাপের পরও আমরা পর্যটন বিকাশের জন্য কাজ করে যাব। বিশ্বকাপ আমাদের শুধু সেই প্লাটফর্মটা দিচ্ছে।’আগামী জুনে হাতে কাজ না থাকলে, সাধ্যে কুলালে চলে যান দক্ষিণ আফ্রিকায়। গোধূলির রাঙা আকাশ। বনের ধারে, গাছের শীতল ছায়ায় বসে সারছেন সান্ধ্যভোজ। এমন সময় লম্বা গলায় উঁকি দিল এক জিরাফ—এ অভিজ্ঞতা দুর্লভ তো বটেই! ওয়েবসাইট।