দক্ষিণ আফ্রিকার ফোরলান দুঃস্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে দুঃস্বপ্নে ডুবিয়েছেন ডিয়েগো ফোরলান। গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকার দুঃস্বপ্নের রাতে ফোরলানের জোড়া গোলে স্বাগতিকদের ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে উরুগুয়ে। সেই সুবাদে দ্বিতীয় রাউন্ডের অনেকটাই কাছাকাছি চলে গেছে ফোরলানের দল। অন্যদিকে পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন দক্ষিণ আফ্রিকার শেষ হয়ে গেছে বললেও বাড়াবাড়ি হবে না। কারণ, শেষ ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারানোর বিকল্প নেই তাদের। ফ্রান্সের মতো দলকে হারানোর স্বপ্ন দেখলে তা দক্ষিণ আফ্রিকার দুঃসাহসই বলতে হবে!বিশ্বকাপে উরুগুয়ের ভরসার কেন্দ্রে আছেন এই ফোরলান। প্রত্যাশার প্রতিদানও দিয়েছেন এই স্ট্রাইকার। ম্যাচের ২৪ ও ৮০ মিনিটে উরুগুয়ের হয়ে প্রথম দুটি গোলই করেন ফোরলান। স্বাগতিকদের হতাশায় ডুবিয়ে উরুগুয়েকে তৃতীয় ও শেষ গোলটি এনে দেন পেরেইরা। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত ব্রাজিলীয় কোচ কার্লোস আলবার্তো পাহেইরার কণ্ঠেও তাই ছিল ফোরলান বন্দনা। ফোরলান একাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন উল্লেখ করে পাহেইরা বলছেন, ‘ফোরলানই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন। আমি তাঁকে অনেক আগে থেকেই চিনি। তাঁর দিনে তাঁকে ঠেকিয়ে রাখা কঠিন।’ নিজের অভজ্ঞতা থেকেই পাহেইরা বলেছেন, অভিজ্ঞতা থেকে পাহেইরা বলছেন, ‘তাঁর দিকে বাড়তি নজর না দিলেই বিপদ। নিমিষেই প্রতিপক্ষের ক্ষতি করে ফেলবেন এই স্ট্রাইকার।’ দক্ষিণ আফ্রিকার এই কোচের বিশ্বাস, ফোরলানের প্রথম গোলটিই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। না হলে ফলাফল উল্টোও হতে পারত।জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েও নিজেদের মাটিতেই রাখছেন ডিয়েগো ফোরলান। আনন্দে গা ভাসালে বিপদ হতে পারে বলে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন। বলেছেন, ‘আমাদের মাটিতে পা রাখতে হবে। ভালো খেলেই আমরা ফল পেয়েছি। সব সময় মনে রাখতে হবে, ভবিষ্যতে পরিশ্রমের কোনো বিকল্প নেই। মেক্সিকোর মতো প্রতিপক্ষ আমাদের চোখ রাঙাচ্ছে।’