দক্ষিণ আফ্রিকার বদলে কেনিয়া সফর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চে বিশ্ব হকি লিগ, অক্টোবরে এশিয়া কাপ। এই দুটি টুর্নামেন্টের প্রস্তুতির জন্য দক্ষিণ আফ্রিকায় প্রীতি ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশ হকি দলের। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জিমিদের দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা সফরে হয়তো যাওয়া হচ্ছে না খেলোয়াড়দের।
বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার দূতাবাস নেই। ভিসার জন্য শ্রীলঙ্কা পাঠাতে হয় পাসপোর্ট। কিন্তু সেখানে খেলোয়াড়দের পাসপোর্ট পাঠিয়েও কোনো লাভ হয়নি। ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক জানিয়েছেন, ‘কোচ অলিভার কার্টজ খেলোয়াড়দের পাসপোর্ট নিয়ে কলম্বো গেছেন। সেখান থেকে ভিসা করানোর কথা ছিল। কিন্তু উনি টেলিফোনে বললেন, ভিসা পেতে অনেক সময় লাগবে। উনি এখন চেষ্টা করছেন দলকে কেনিয়া নিয়ে খেলাতে।’
মার্চের প্রথম সপ্তাহে শুরু বিশ্ব হকি লিগ। শেষ পর্যন্ত কেনিয়ায়ও যদি না যেতে পারে দল তাহলে বিকল্প হিসেবে ঘানা জাতীয় দলকে ঢাকায় আনার চেষ্টা করছে ফেডারেশন।
বিকেএসপিতে এক মাস ধরে খেলোয়াড়দের অনুশীলন চলছে অলিভার কার্টজকে ছাড়াই। কোচ ব্যস্ত খেলোয়াড়দের ভিসা করানো নিয়ে। এসব দাপ্তরিক কাজের জন্য ফেডারেশনে কেউ নেই নাকি?