দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১৫৩ রান
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। বাঁচা মরার এই লড়াইয়ে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ১৫৩ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে ধোনি বাহিনী। শুধু জয়ই না, আজকের ম্যাচে ভারতকে জিততে হবে অন্তত ৩২ রানের ব্যবধানে।টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোভাবে করতে পারেনি ভারত। প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ৩৬ রান সংগ্রহ করতেই সাজঘরে ফিরেছেন গৌতম গম্ভীর, বিরাট কোহলি ও বিরেন্দর শেবাগ। কয়েক ওভার পরে যুবরাজ সিংয়ের উইকেট হারিয়ে খানিকটা চাপের মুখেই পড়ে যায় ভারত। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় চার উইকেটে ৬৮ রান। পঞ্চম উইকেটে ৪৪ রানের জুটি গড়ে ভারতকে কিছুটা ভালো অবস্থানে নিয়ে যান রোহিত শর্মা ও সুরেশ রায়না। ১৬তম ওভারে এই জুটি ভাঙ্গেন রবিন পিটারসেন। ২৫ রান করে ফিরে যান রোহিত শর্মা। ষষ্ঠ উইকেটে ৪০ রানের ঝড়ো জুটি গড়ে ভারতীয় স্কোরবোর্ডে ১৫২ রান জমা করেন রায়না ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই ৪০ রান তাঁরা করেছেন মাত্র ৪ ওভারে। ৩৪ বলে ৪৫ রান করেছেন রায়না। ২৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ধোনি।