দক্ষিণ আফ্রিকার সহজ জয়
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জ্যাক ক্যালিস এবং জে পি ডুমিনির দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সাত উইকেটের সহজ জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে এক ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় প্রোটিয়ারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেছেন ক্যালিস। ডুমিনির ব্যাট থেকে এসেছে ৪৭ রান।১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য মোটেই ভালোভাবে করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। প্রথম চার ওভারের মধ্যেই রিচার্ড লেভি, ডু প্লেসিস ও অধিনায়ক ডি ভিলিয়ার্সের উইকেট তুলে নিয়ে সফরকারীদের চাপের মুখে ফেলে দিয়েছিল ইংল্যান্ড। তবে এরপর বাকিটা সময় হতাশাতেই পুড়তে হয়েছে ইংলিশ বোলারদের। চতুর্থ উইকেটে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে সহজ জয় এনে দিয়েছেন জ্যাক ক্যালিস এবং জে পি ডুমিনি।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৭ রান যোগ করে ভালো সূচনারই ইঙ্গিত দিয়েছিলেন দুই ইংলিশ ওপেনার ক্রেইগ ক্রিসওয়েটার ও অ্যালেক্স হালেক্স। কিন্তু চতুর্থ ওভারে হালেক্স রানআউটের শিকার হলে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিক ইংল্যান্ড। এরপর আর কোনো বড় জুটিই গড়ে তুলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট পড়ার মধ্য দিয়ে ১৬ ওভার শেষে ইংল্যান্ড স্কোরবোর্ডের চেহারা দাঁড়ায় ৭ উইকেটে ৮৫ রান। অষ্টম উইকেটে ৩৩ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়ে এই সংগ্রহকে কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে যান গ্রায়েম সোয়ান ও স্টুয়ার্ট ব্রড। দুজনই খেলেছেন ১৮ রানের ইনিংস। দক্ষিণ আফ্রিকার পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন বোথা ও পিটারসেন।