দক্ষিণ আফ্রিকার সহজ জয়, জিম্বাবুয়ের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ভারতের পর জয় দিয়েই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আর টানা দুইটি ম্যাচ হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে জিম্বাবুয়ের। প্রথমে মাত্র ৯৩ রানে ইনিংস শেষ করার পর বল হাতেও কোন সফলতা পায়নি জিম্বাবুয়ের ক্রিকেটাররা। ৯৪ রানের সহজ লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা পৌঁছেছে কোন উইকেট না হারিয়েই। জিম্বাবুয়েকে মাত্র ৯৩ রানেই সীমাবদ্ধ রেখে জয়ের কাজটা আগেই করে রেখেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। ৯৪ রানের সহজ লক্ষ্যে পৌঁছাতে তাই কোন কষ্টই করতে হয়নি প্রোটিয়া ব্যাটসম্যানদের। ধীরেসুস্থে ব্যাটিং করে উদ্বোধনী জুটি থেকেই এই রান সংগ্রহ করে ফেলেন দুই ওপেনার রিচার্ড লেভি ও হাশিম আমলা। ৪৪ বলে ৫০ রান করেছেন লেভি। আমলা খেলেছেন ৩২ রানের ইনিংস।এর আগে টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আহ্বান জানিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এ বি ডি ভিলিয়ার্স। ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার দুর্ধর্ষ পেস আক্রমণ মোকাবিলা করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের। ক্রেইগ অরভিন (৩৭) ও স্টুয়ার্ট মাতসিকেনেরি (১১) ছাড়া আর কোন কেউই পেরোতে পারেননি দুই অঙ্কের কোটা। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করে প্রথম পাঁচ ওভারের মধ্যেই দুই জিম্বাবুয়ের ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা, ভুসি সিবান্দা ও অধিনায়ক ব্রেন্ডন টেলরের উইকেট তুলে নিয়েছেন অ্যালবি মরকেল ও মরনে মরকেল। চতুর্থ উইকেটে ৩৫ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিয়েছিলেন ক্রেইগ অরভিন ও স্টুয়ার্ট মাতসিকেনেরি। কিন্তু ১১তম ওভারে জিম্বাবুয়ে শিবিরে বড় আঘাত হানেন জ্যাক ক্যালিস। এক ওভারেই মাতসিকেনেরি ও এলটন চিগুম্বুরাকে সাজঘরে ফেরান দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডার। নিজের পরবর্তী দুই ওভারে গ্রায়েম ক্রেমার ও ক্রেইগ অরভিনের উইকেটও নিয়েছেন ক্যালিস। জিম্বাবুয়ের দিক থেকে একমাত্র প্রতিরোধটি এসেছে অরভিনের কাছ থেকে। চরম ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও দীর্ঘ সময় উইকেটে থেকে ৪০ বলে ৩৭ রানের লড়াকু ইনিংস খেলেছেন এই বামহাতি ব্যাটসম্যান।