দক্ষিণ আফ্রিকার ১ রানের হার

ম্যাচে জেতার কথা ছিল দক্ষিণ আফ্রিকারই। কিন্তু নিজেদের ‘চোকার’ অপবাদটি সার্থক করতেই যেন আজ পোর্ট এলিজাবেথে পরাজিত দল তারা। অপরদিকে, ১ রানের অসামান্য এক জয়ে মিসবাহ-উল হকের পাকিস্তান যেন বিশ্বকাপ জয়ের উল্লাসটাই করে ফেলল সেন্ট জর্জেস পার্কে। উল্লাসটা এমন হবে না-ই বা কেন? আজকের ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও যে নিজেদের করে নিল পাকিস্তানিরা।
এটি ছিল দক্ষিণ আফ্রিকার জন্য ‘স্পেশাল’ এক ম্যাচ। ৫০০তম ওয়ানডে ম্যাচটি জয় দিয়ে উদযাপন করতে চেয়েছিল তারা। স্পেশাল ম্যাচটি স্মরণীয় রাখতেই হাশিম আমলার ব্যাট চওড়াও হয়েছিল। পাকিস্তানি বোলারদের কড়া শাসন করে তিনি পৌঁছেছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। তাঁর ৯৮ রানের ওপর ভর করে প্রোটিয়ারা পাকিস্তানের ২৬২ রানের লক্ষ্যমাত্রা তাড়া করছিল বেশ ভালোভাবেই। আমলার সঙ্গে ছিলেন এবি ডি ভিলিয়ার্স। ৯৮ রানে আমলা আর ৭৪ রানে ভিলিয়ার্স ফিরে যাওয়ার পর জয়টা যেন আপনা থেকেই দূরে সরে গেল দক্ষিণ আফ্রিকার কাছ থেকে। পাকিস্তানি পেসার জুনাইদ খানের ৩ উইকেট আর আফ্রিদির ২ উইকেট স্প্রিংবকদের কাছ থেকে রীতিমতো ছিনিয়েই নিয়েছে জয়ের মালাটি। দিন শেষে দক্ষিণ আফ্রিকার জন্য ম্যাচটি তীরে এসে ডুবে মরার মতোই বেদনাদায়ক।
টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে এসে শুরুতেই স্টেইন ঝড়ের কবলে পড়ে পাকিস্তান। মাত্র দুই রানের মাথায় হারায় নাসির জামশেদকে। কিন্তু আহমেদ শেহজাদের সেঞ্চুরি, সঙ্গে শোয়েব মাকসুদ ও উমর আকমলের দুটি মাঝারি ইনিংস পাকিস্তানকে লড়াই করার মতো পুঁজি গড়ে দেয়। ৩৯ রান দিয়ে স্টেইন তুলে নেন ৬ উইকেট।
পাকিস্তানের ছুঁড়ে দেয়া ২৬৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ৯ রানে হারায় স্মিথের উইকেট। কককে নিয়ে সে ধাক্কা দ্রুত সামলে ওঠেন আমলা। দক্ষিণ আফ্রিকাকে জয়ের স্বপ্ন দেখায় মূলত এই আমলা-ভিলিয়ার্স জুটিই। এ জুটি থেকে আসে ১১০ রান। ভিলিয়ার্স ৫৬ বলে করেন ৭৪, আমলা ১৩১ বলে ৯৮। ম্যাচ তখন পুরোপুরিই দক্ষিণ আফ্রিকার নিয়ন্ত্রণে। কিন্তু ভিলিয়ার্স আর আমলার উইকেট দুটিই ম্যাচের গতিপথ পাল্টে দেয় পুরোপুরিই।
জয়ের জন্য শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৯ রান। হাতে ছয় উইকেট। যেকোনো দলই এই জায়গা থেকে ম্যাচ বের করে নিয়ে যাবে। কিন্তু প্রোটিয়ারা যেন ঠিক এই সময়েই দিশেহারা। পথ হারিয়ে পরাজয়ের কীনারেই শেষ পর্যন্ত যেতে হলো তাদের।