দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অন্য রূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজেকে দক্ষিণ আফ্রিকান বলতে আমার লজ্জা হচ্ছে’—জ্যাক ক্যালিসের টুইটটা দেখে থাকলে একটু বিস্মিত হয়ে থাকতে পারেন। কী এমন ঘটল যে নিজের জাতীয়তা নিয়ে লজ্জায় পড়ে গেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার!
যা ঘটেছে, তা অবশ্য ‘লজ্জার’ই। বর্ণবাদের কারণে দীর্ঘ তিন দশক আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ থাকা দক্ষিণ আফ্রিকায় আবারও পড়েছে বর্ণবাদের কালো ছায়া। এবার বিপরীত রূপ নিয়ে। গত পরশু দেশটির ক্রীড়ামন্ত্রী ফিকিলে এমবালুলা জানিয়েছেন, জাতীয় দলে প্রয়োজনীয় সংখ্যক অশ্বেতাঙ্গ খেলোয়াড় নিশ্চিত করতে না পারায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ) কোনো বৈশ্বিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে পারবে না। শুধু ক্রিকেট নয়, অ্যাথলেটিকস, রাগবি ও নেটবলের ওপরও আরোপ করা হয়েছে এই নিষেধাজ্ঞা।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হওয়ার কথা দক্ষিণ আফ্রিকায়। ২০২২ সালে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপও। দুটি টুর্নামেন্টই এখন অনিশ্চিত। গত বছরের মে মাসে ৫টি ফেডারেশন ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে একটা সমঝোতাপত্রে সই করেছিল। যেটিতে শর্ত ছিল, দলে অন্তত ৬০ ভাগ ক্রিকেটার অশ্বেতাঙ্গ থাকতে হবে। ক্রিকেট বোর্ড ৫ শতাংশের জন্য সেটা পূরণ করতে পারেনি। একমাত্র ফুটবল ফেডারেশনই সেই শর্ত পূরণ করতে পেরেছে। বিবিসি।